• জামিন পেল জলপাইগুড়িতে প্রধান শিক্ষককে মারধর করা চার পড়ুয়া, চলবে কাউন্সেলিং
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় চার পড়ুয়াকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। দুই রাত হোমে থাকার পরে সোমবার শর্তসাপেক্ষ জামিন পেল সকলেই।

    গত শনিবার আটক করার পরে পুলিশ চার ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করায়। সেই সময়ে চার ছাত্রকে দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দিয়েছিল বোর্ড। সোমবার ফের তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হলে সমস্ত কিছু শুনে বিচারক দেবারতি রায় শর্তসাপেক্ষে জামিন দেন বলে জানিয়েছেন জুভেনাইল জাস্টিস বোর্ডের সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায়।

    তিনি বলেন, ‘বোর্ডের বিচারক ওই চার ছাত্রকে আগামী কাল থেকে পর পর ৭ দিন কাউন্সেলিং-এর জন্য জুভেনাইল জাস্টিস বোর্ডে আসার নির্দেশ দিয়েছেন। তার পর আগামী দুই মাস সপ্তাহে একদিন করে এসে কাউন্সেলিং করার করা বলেছেন।’

    সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় জানান, ওই ঘটনার জন্য চার ছাত্রকে শিক্ষামন্ত্রীর নির্দেশে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে। আবার পুলিশ তাদের আটক করে হোমে পাঠিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক থানায় যে অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগপত্রে কোথাও এই ছাত্রদের নাম নেই। সেখানে তিনি বলেছেন ‘অজ্ঞাত পরিচয়’ এবং ‘বহিরাগত’রা তাঁকে আক্রমণ করেছে। এই বিষয়টি বিচারকের সামনে তুলে ধরা হয়েছিল। বিচারক ছাত্রদের সঙ্গে কথা বলার পরেই শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন।

  • Link to this news (এই সময়)