• ISF ও ABVP সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, উত্তপ্ত ভাঙড় কলেজ, আহত ৮ পড়ুয়া
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় কলেজ। সোমবার সকালে কলেজ চত্বরে আইএসএফ ও এবিভিপি সমর্থক ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মোট আটজন আহত হয়েছেন। আহতদের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙড় থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এবিভিপির অভিযোগ, কলেজের আগামী দিনের কর্মসূচি নিয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তাদের ছাত্রছাত্রীরা। সেই সময়ে বহিরাগতদের এনে আইএসএফ সমর্থকরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এবিভিপি সমর্থক ছাত্র ও ছাত্রীদের মারধর করা হয় বলেও দাবি তাদের।পাল্টা আইএসএফের অভিযোগ, শান্ত কলেজে বহিরাগত বিজেপি সমর্থকদের এনে অশান্তি তৈরির চেষ্টা করছিল এবিভিপি। এই বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের সূত্রপাত বলে দাবি আইএসএফের।

    ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কলেজের পড়ুয়ারা। বর্তমানে কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সেন্টারের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা চলছে। মঙ্গলবারও পরীক্ষা রয়েছে। ফলে সংঘর্ষের জেরে পঠনপাঠনের পাশাপাশি পরীক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন পড়ুয়ারা।

    ঘটনার প্রতিবাদে এবং বহিরাগত ছাত্র রুখতে সোমবার দুপুর থেকে কলেজের প্রায় ২০ জন অধ্যাপক ও টিআইসি-কে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। কলেজ চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলিয়ে থমথমে পরিস্থিতি। কলেজের টিচার ইনচার্জ লুনা কয়াল এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি।

     রিপোর্টিং: প্রশান্ত ঘোষ

  • Link to this news (এই সময়)