• বিবাহ-বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার অভিযোগে স্বামীকে খুন, প্রেমিক-সহ গ্রেপ্তার মহিলা
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। তাতে বাধা দিয়েছিলেন স্বামী। এরই সঙ্গে ছিল সম্পত্তি নিয়ে বিরোধ। এর জেরেই খুন করা হয় স্বামীকে বলে অভিযোগ। প্রেমিককে সঙ্গে নিয়েই খুনের পরিকল্পনা করেন ওই মহিলা বলে দাবি। তেলঙ্গানার নগরকর্নুল (Nagarkurnool) এলাকার এই ঘটনায় প্রেমিক-সহ ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ করিম (৪৩)। নগরকর্নুল শহরের রামনগর কলোনির বাসিন্দা করিম একজন হোটেল মালিক। গত ৭ তারিখ বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে করিমের স্ত্রী সালিমা বেগম এবং মহম্মদ গাউস পাশাকে। বয়সে কয়েক বছরের ছোট ওই যুবকের সঙ্গেই সম্পর্ক গড়ে তুলেছিলেন সালিমা বলে দাবি পুলিশের।

    নগরকর্নুল এলাকার ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, তাঁদের সম্পর্কের বিরোধিতা করায় করিমকে খুনের ষড়যন্ত্র করেন সালিমা এবং গাউস। স্বামীকে খুন করার জন্য গাউসকে দায়িত্ব দেন সালিমা। সেই পরিকল্পনা অনুয়ায়ী, নেল্লোর দরগায় গিয়েছিলেন সালিমা। আর বাড়িতে একাই ছিলেন করিম। সেই সময়েই গলায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়।

    জানা গিয়েছে, রেভালি এলাকার নাগাপুরে টায়ার পাংচার সারানোর দোকান আছে গাউসের। সালিমার পরিবারের সঙ্গেও সম্পর্ক রয়েছে ওই যুবকের। এদিকে গাউসের সঙ্গে সালিমার সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন করিম। এই নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়দিনই বিবাদ হতো। এর থেকে মুক্তি পেতে চেয়েছিলেন সালিমা। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য স্থানীয় নিয়ে আলোচনাতেও বসা হয়। অভিযোগ, সেই সময়েই করিমকে হুমকি দিয়েছিলেন গাউস। তার পরেই এই ষড়যন্ত্র করা হয়।

    জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন সালিমা এবং গাউস বলেও দাবি পুলিশের। দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই নিয়ে আরও তদন্ত চলছে বলেও সোমবার জানিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)