• ফের স্থগিত কেদারনাথ যাত্রা, পাথর গড়িয়ে বৃদ্ধের মৃত্যুর পরেই জারি সতর্কতা
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যয় কেদারনাথ যাওয়ার রাস্তায়। পাহাড় থেকে পাথর গড়িয়ে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। সেই সঙ্গেই ধস নেমেছে কেদারনাথ যাওয়ার রাস্তায়। এর পরেই সতর্কতামূলক পদক্ষেপ করেছে প্রশাসন। স্থগিত করা হয়েছে কেদার যাত্রা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কাউকেই ওই রাস্তায় এগোতে দেওয়া হবে না। পুণ্যার্থী নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরাখণ্ডের প্রশাসন।

    পাথর পড়ে মৃত্যু পুণ্যার্থীর

    গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে পাহাড়ে। ফলে ব্যাহত হয়েছে তীর্থযাত্রীদের যাতায়াত। এরই মধ্যে ধস নেমে ওই রাস্তায়। সেই সঙ্গেই চিরবাসা হেলিপ্যাডের কাছে, পাহাড় থেকে পাথর গড়িয়ে এসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম মদন মোহন তিওয়ারি (৬৫)। তাঁর বাড়ি উখিমঠ এলাকায়। আধিকারিকরা জানিয়েছেন, রবিবার আচমকা পাহাড় থেকে বড় পাথর গড়িয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

    ধসের জেরে বন্ধ রাস্তা

    আধিকারিকরা জানিয়েছেন, টানা এবং প্রবল বৃষ্টির জেরে ওই রাস্তায় ধস নেমেছে। ফলে বিপজ্জনক হয়ে রয়েছে ওই এলাকায়। তীর্থক্ষেত্রে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় পাহাড় থেকে গড়িয়ে পড়েছে পাথর। ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। এর পরেই সতর্ক করা হয়েছে তীর্থযাত্রীদের।

    ওই রাস্তা দ্রুত পরিষ্কার করার কাজ চলছে। উদ্ধার করে নিয়ে আসা হয়েছে আটকে পড়া তীর্থযাত্রীদের। সেই কাজে লাগানো হয়েছে SDRF, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের। ওই রাস্তা পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত কাউকেই এগোতে দেওয়া হবে না জানিয়েছেন রুদ্রপ্রয়াগ এলাকার প্রশাসনিক আধিকারিকরা।

    স্থগিত কেদার যাত্রা

    প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতির কথা মাথা রেখে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কেদারনাথ তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তীর্থযাত্রীদের সোনপ্রয়াগ বা গৌরিকুণ্ডে থাকতে বলা হয়েছে।  অন্যদিকে যাঁরা কেদারনাথ থেকে ফিরছিলেন, তাঁদের জঙ্গলচাট্টিতে (Jangalchatti) থামতে বলা হয়েছে।

    প্রতিকূল আবহাওয়ার জন্য পাহাড়ে ফের ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই তীর্থযাত্রীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শও দিয়েছে প্রশাসন। রাস্তা থেকে পাথর সরিয়ে তা পরিষ্কার করার কাজও চলছে। আধিকারিকরা সবুজ সংকেত দেওয়ার পরেই ওই রাস্তায় আবার তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হবে বলেও জানিয়েছে রুদ্রপ্রয়াগের প্রশাসন।

  • Link to this news (এই সময়)