বিজেপিতে যোগদান নিয়ে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার দাবি ওড়ালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, ২০২১ সালের নির্বাচনের পর বিজেপি কর্মীদের সঙ্গে কী হয়েছিল তা ভুললে চলবে না। তাই বিজেপিতে যোগদান করতে চাইলেই যে বিজেপি নিয়ে নেবে, এটা ভাবার কারণ নেই। শমীকের কটাক্ষ, “তাঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন সেটা হয়তে মঙ্গল গ্রহের বিজেপি।”
কোচবিহারের সাংসদ জানিয়েছেন, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদের মধ্যে ১৭ জনই পুজোর আগে বা পরে সরাসরি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে তিন সংখ্যালঘু সাংসদ বিজেপিতে যোগদান করবেন না। তাঁরা এনসিপিআইতে থেকে এনডিএ-কে সমর্থন করবেন। জগদীশ বসুনিয়ার এই দাবি ঘিরে বিজেপির অন্দরে তৈরি হয়েছে আলোচনা। তৃণমূল থেকে আসা এনসিপিআই সাংসদদের এভাবে সরকারি বিজেপিতে যোগদান করালে প্রভাব পড়তে পারে ‘কোর ভোটব্যাঙ্কে’। এনসিপিআই সাংসদদের সঙ্গে বিজেপি নেতৃত্বের ‘ঘনিষ্ঠতা’ নিয়েও বাড়ছে ক্ষোভ। তাই এবার আসরে নামলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বিজেপি কর্মীদের উপর অত্যাচারের কথা স্মরণ করিয়ে জানান, বিজেপিতে যোগ দিতে চাইলেই যে বিজেপি নেবে তা ভাবার কোনও কারণ নেই।
উল্লেখ্য, জগদীশ বসুনিয়া দাবি করেন, তৃণমূল থেকে বেরিয়ে তাঁরা সরাসরি বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় সমস্যা তৈরি হয়। এই নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনাও হয় তাঁদের। বিজেপির কথাতেই এনসিপিআইতে যোগদান করেছিলেন তাঁরা। মূলত দলত্যাগবিরোধী আইন এড়াতেই বিজেপি তাঁদের এনসিপিআইতে যোগদান করতে বলেছিলেন বলে দাবি করেন জগদীশ। তবে এবার ৩ সংখ্যালঘু সাংসদ বাদে ১৭ জন এনসিপিআই সাংসদ পুজোর আগে বা পরে সরাসরি বিজেপিতে যোগদান করবেন। সাংসদের এই দাবিই ওড়ালেন শমীক ভট্টাচার্য।