• ব্রিকসে মোদি-পুতিন-জিনপিংয়ের সঙ্গে একফ্রেমে কে এই তরুণ? ভাইরাল ছবির রহস্য ফাঁস
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ভারতের আয়োজিত ২ দিনের ব্রিকস সম্মেলনে কার্যত গোটা বিশ্বের মিলনক্ষেত্র হয়ে উঠেছিল নয়াদিল্লি। বৈঠক থেকে শুরু করে একের পর এক কর্মসূচি, দিল্লির ভারত মণ্ডপমে জাঁকজমকের কোনও খামতি ছিল না। ব্রিকস মঞ্চের একের পর এক ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। একই মাঝে একটি ছবি আলাদাভাবে কৌতূহল তৈরি করেছিল গোটা দেশের। যেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একে অপরের হাত ধরে খোশমেজাজে গল্প করছেন। মোদি ও পুতিনের মাঝে দাঁড়িয়ে রয়েছেন এক অল্পবয়সি যুবক।

    এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু হয়। প্রশ্ন ওঠে ব্রিকসের মতো হাই প্রোফাইল মঞ্চে বিশ্বের শীর্ষ রাষ্ট্রনেতাদের পাশে দাঁড়িয়ে কে এই যুবক? সোশাল মিডিয়ায় ব্যাপক চর্চার মাঝেই অবশেষে সামনে এসেছে ভাইরাল ওই যুবকের পরিচয়। জানা যাচ্ছে, মাত্র ৩৬ বছরের ওই যুবকের নাম সিদ্ধার্থ বাবু। ইনি কেরলের কোচির বাসিন্দা। ২০১৭ সালের ব্যাচের ‘ইন্ডিয়ান ফরেন সার্ভিস’ (IFS) অফিসার এই তরুণ বিদেশমন্ত্রকের পূর্ব এশিয়া বিভাগের ডেপুটি সেক্রেটারি।

    জানা যাচ্ছে, ব্রিকস সম্মেলনে বিশেষ দায়িত্ব ছিল সিদ্ধার্থের উপর। চিনা ভাষায় অত্যন্ত দক্ষ এই আধিকারিক। সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথোপকথনের সময় অনুবাদকের কাজ করছিলেন তিনি। অনুসন্ধানে জানা গিয়েছে, সিদ্ধার্থের শিক্ষাগত যোগ্যতা বেশ নজরকাড়া। ২০১২ সালে মার আথানাসিয়াস কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক করেন তিনি। এরপর ইউপিএসসিতে দ্বিতীয়বারের চেষ্টায় উত্তীর্ণ হন। ইউপিএসসি-তে ১৫ র‍্যাঙ্ক করেন তিনি।

    ২০১৭ সালে আধিকারিক হিসেবে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। এরপর থার্ড সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, কনসাল, আন্ডার সেক্রেটারি হয়ে বর্তমানে ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সিদ্ধার্থ। ২০১৮ সালে প্রথম পোস্টিংয়ে তাঁকে চিনে পাঠানো হয়। ২০২২ সাল পর্যন্ত চিনে ছিলেন তিনি। সেখানেই সেখেন চিনা ভাষা। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমেরিকায় পোস্টিং থাকাকালীন ক্যালিফোর্নিয়ার মিডলবেরি ইনস্টিটিউট থেকে ‘ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন অ্যান্ড ট্রান্সলেশন’-এ মাস্টার্স করেন। ২০২৪ সালে দিল্লিতে ফিরে আসেন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে পূর্ব এশিয়া ডিভিশনে ডেপুটি সেক্রেটারির দায়িত্ব নেন।
  • Link to this news (প্রতিদিন)