• বিকট শব্দে বাইকের দাপাদাপি, অশোকনগরে বিশেষ অভিযান ট্র্যাফিক পুলিশের
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • রাত নামলেই শুরু হয় বিকট শব্দে বাইকের দাপাদাপি। উত্তর ২৪ পরগনার অশোকনগর জুড়ে যেন তাণ্ডব চলছে। পরিবর্তিত সাইলেন্সারের এমন শব্দে অতিষ্ঠ বাসিন্দাদের একাংশ। তাদের দৌরাত্মে রাশ টানতেই রবিবার রাতে বিশেষ অভিযান চালাল অশোকনগর ট্র্যাফিক পুলিশ।

    ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, কয়েক দিন ধরেই বিকট শব্দে বাইক চালানো নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তার পরেই এদিন অশোকনগরের চৌরঙ্গী মোড়ে অভিযান শুরু হয়। বিকট শব্দে বাইক চালানো, বেপরোয়া গতিতে ড্রাইভিং এবং ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে প্রায় সাতটি বাইক আটক করা হয়। খুলে নেওয়া হয় পরিবর্তিত সাইলেন্সর। পাশাপাশি নিয়মভঙ্গের জন্য জরিমানাও করা হয়েছে বাইক আরোহীদের।

    হেলমেট ছাড়া বাইক চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং নম্বর প্লেট না লাগানোর অভিযোগেও একাধিক বাইক আরোহীকে জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মত্ত অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর।

    উল্লেখ্য, সাইলেন্সরের কাজ হলো ইঞ্জিন থেকে বেরোনো গ্যাসের শব্দকে কয়েকটি চেম্বার, বাফল ও অন্যান্য অংশের মাধ্যমে কমিয়ে দেওয়া। পরিবর্তিত সাইলেন্সরে সেই শব্দ-নিয়ন্ত্রণের অংশটি খুলে নেওয়া হয়। ফলে বিকট শব্দ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের। শব্দদূষণ নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের একাংশের মধ্যে।

    পুলিশ সূত্রে খবর, অশোকনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগতও জানিয়েছেন তাঁরা। তবে বাসিন্দাদের একাংশের দাবি, শুধু একদিনের অভিযান নয়, নিয়মিত নজরদারি চালাতে হবে। তবেই এই প্রবণতা কমবে।

    অশোকনগরে কেন ট্র্যাফিক পুলিশের অভিযান চালানো হয়?

    বিকট শব্দে বাইক চালানো, বেপরোয়া গতি এবং ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে অভিযান চালানো হয়।

    অভিযানে কতগুলি বাইক আটক করা হয়েছে?

    প্রায় সাতটি বাইক আটক করা হয়েছে।

    বাইকগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

    পরিবর্তিত সাইলেন্সার খুলে নেওয়ার পাশাপাশি নিয়মভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে।

    আর কী কী ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে?

    হেলমেট না পরা, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং নম্বর প্লেট না থাকার অভিযোগেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আগামী দিনেও কি অভিযান চলবে?

    পুলিশ সূত্রে খবর, অশোকনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় এ ধরনের অভিযান চালানো হবে।

  • Link to this news (এই সময়)