• টোটো-অটোর চলাচলে ক্ষতি, মিনিবাস বন্ধ করার হুঁশিয়ারি
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, আসানসোল: পুলিশের সঙ্গে বৈঠকেও জট কাটল না। শুক্রবারের পরে শনিবারও মিনিবাস চলাচল বন্ধ থাকল দোমোহনি-আসানসোল রুটে। তবে পুলিশ এ দিন দোমোহানি বাসস্ট্যান্ড লাগোয়া টোটোস্ট্যান্ড তুলে দিয়েছে। মিনিবাস চালকদের বৈঠকে ডেকে বাস চালানোর অনুরোধও করা হয়েছে। কিন্তু তাঁরা বাসরাস্তায় টোটো চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁদের সমর্থন করে বাস মালিকদের সংগঠন আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন শনিবার হুঁশিয়ারি দিয়েছে, বাসরাস্তায় টোটো ও অটো বন্ধ করা না-হলে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে মিনিবাস বন্ধ করে দেওয়া হতে পারে। এমনিতেই দোমোহনি-আসানসোল রুটে মিনিবাস বন্ধ থাকায় প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এর পরে গোটা শিল্পাঞ্চলে মিনিবাস বন্ধ হয়ে গেলে তাঁদের দুর্ভোগ চরমে পৌঁছবে।

    মিনিবাসের চালক-কন্ডাক্টর এবং মালিকদের বক্তব্য, টোটোর কারণে যাত্রী না-পেয়ে মুখ থুবড়ে পড়ছে মিনিবাসের ব্যবসা। চালকদের তরফে বাপি দাস এ দিন বলেন, 'বাস রাস্তায় টোটো চলাচল পুরোপুরি বন্ধ করতে হবে। এই দাবি মানা না-হলে আমরা বাস চালাব না।'

    আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক চরনজিৎ সিংও এ দিন বলেন, 'টোটো ও অটোর দৌরাত্ম্যে মিনিবাস চালানো দুষ্কর হয়ে পড়েছে। এমন চলতে থাকলে আসানসোল মহকুমায় মিনিবাস বন্ধ করে দেওয়া হবে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে।' তিনি আরও জানিয়েছেন, আসানসোল শিল্পাঞ্চলে মিনিবাসের মোট ১৮২টি রুট আছে। কিন্তু টোটো-অটোর দৌরাত্ম্যে লোকসানের ঠেলায় প্রায় ৬০টি রুটে মিনিবাস বন্ধ হয়ে গিয়েছে।

    তবে টোটোর চালকদের দাবি, তাঁরা কাউকে জোর করেন না। স্বেচ্ছায় লোকে টোটোতে ওঠেন। টোটোর চালকদের পক্ষে সুব্রত রুইদাস এ দিন বলেন, 'সন্ধ্যা ছ'টার পরে মিনিবাস চলে না। রাতবিরেতে আমরাই পরিষেবা দিই। যাত্রীরা তাই আমাদের সঙ্গেই রয়েছেন।' যাত্রীদের বক্তব্য, মিনিবাস বন্ধ হওয়ায় খুবই অসুবিধায় পড়েছেন তাঁরা। এমনই একজন কাল্লার বাসিন্দা মনোতোষ সরকার এ দিন বলেন, 'আমাকে রোজ জামগ্রাম এলাকায় কর্মস্থলে যেতে হয়। মিনিবাস না-চলায় এখন বাদুরঝোলা হয়ে ট্রেকারে যাতায়াত করতে বাধ্য হচ্ছি।'

    এ বিষয়ে জানতে চাওয়া হলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্র্যাফিক) জে অবিনাশ ভীমরাও এ দিন বলেন, 'আমরা টোটো নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। আসানসোলের হটন রোড ও জিটি রোডে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতাল রোডে চলাচলকারী টোটোগুলির বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।'

  • Link to this news (এই সময়)