• দুর্যোগে ভেঙে-পড়া গাছ সংরক্ষণের দাবি
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, লাটাগুড়ি: লাটাগুড়ি জঙ্গলে ভেঙে পড়া একাধিক মূল্যবান গাছ সংরক্ষণের দাবিতে জলপাইগুড়ি জেলার বনাধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিলেন পরিবেশপ্রেমীরা। অভিযোগ, জঙ্গলে গাছ ভেঙে পড়লে এক শ্রেণির অসাধু চক্র কাঠ লুট করার জন্য সক্রিয় হয়ে ওঠে। ফলে, সরকারি রাজস্বের ক্ষতি হয়। সেই কারণে বনকর্তাদের কাছে ওই গাছ সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।

    গত বুধবার প্রবল ঝড়ে শাল, চিলৌনি, জারুল-সহ একাধিক গাছ ভেঙে পড়ায় লাটাগুড়ি-চালসাগামী ৭১৭নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। বনকর্মীদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হলেও জঙ্গলের ভেতরে একাধিক ভাঙা গাছ পড়ে থাকে বলে অভিযোগ। ঝড়ে বিধ্বস্ত সেই সব গাছ সংরক্ষণের দাবিতে এ দিন স্মারকলিপি দেওয়া হয়।

    উত্তরবঙ্গের পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিরাজ চন্দ বলেন, 'আমরা চাই, ঝড়ে ভেঙে পড়া গাছগুলোকে বন দপ্তর উদ্ধার করুক। না হলে যে কোনও মুহূর্তে সেগুলো লুট হয়ে যেতে পারে।'

    আর এক পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন, 'সরকারি নিয়মকে মান্যতা দিয়ে ওই গাছ উদ্ধার করা দরকার।' বন দপ্তরের এক আধিকারিক জানান, ইতিমধ্যে জাতীয় সড়কের দু'প্রান্তে একাধিক গাছ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যেগুলো পড়ে রয়েছে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)