• রাস্তা এক, টেন্ডার দুই? দুর্নীতি দেখছে বামেরা
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, বালুরঘাট: বেহাল রাস্তা সংস্কারের জন্য একবার নয়, দু'বার টেন্ডার ডাকার অভিযোগ তুলল বামফ্রন্ট। সম্প্রতি বালুরঘাট পুরসভা ২৪টি রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডেকেছে। এর জন্য অনুমোদন দেওয়া হয়েছে ১২ কোটি টাকা। বামেদের অভিযোগ, এর মধ্যে তিনটি রাস্তার কাজ হয় সম্পন্ন হয়েছে, অথবা মাঝপথে। তার পরেও একই রাস্তার জন্য ফের টেন্ডার ডাকা হলো কী ভাবে, প্রশ্ন তুলেছে বামেরা।

    শুক্রবার এ নিয়ে বালুরঘাট সদর মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। ওই দিনই ফ্রন্ট শরিক আরএসপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুরসভা। চেয়ারম্যান সুরজিৎ সাহার দাবি, একই রাস্তায় দু'বার কাজের কোনও পরিকল্পনা নেই। টেন্ডারে রাস্তার নাম থাকলেও তাতে দুর্নীতি প্রমাণ হয় না।

    বালুরঘাটের বাম নেতা প্রলয় ঘোষ বলেন, 'কিছু রাস্তার কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। অথচ সেই রাস্তার নামে নতুন টেন্ডারে রয়েছে। এখনও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। একই রাস্তার জন্য দু'বার কেন টেন্ডার করা হলো, সেটাই আমাদের প্রশ্ন। আপাতত তিনটি রাস্তার তথ্য পেয়েছি। আরও রাস্তা থাকতে পারে। আমাদের অনুমান, এর পিছনে দুর্নীতি রয়েছে।'

    পাল্টা চেয়ারম্যান সুরজিৎ বলেন, 'রাজ্য সরকারের তরফে শহরের কোন কোন রাস্তা মেরামতির প্রয়োজন, সেই তথ্য চাওয়া চেয়েছিল। আমরা ২৪টি রাস্তার তালিকা পাঠিয়েছিলাম। এর মধ্যে কিছু রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় সংস্কারের জন্য টেন্ডার ডাকা হলেও সেখানে কাজ হয়নি। আবার কিছু রাস্তার কাজ পরবর্তীতে অন্য ভাবে হয়ে গিয়েছে।'

    তাঁর সংযোজন, 'কোনও রাস্তার কাজ হয়ে গেলে সেখানে ফের কাজের প্রশ্নই ওঠে না। কাজের স্থান পরিবর্তনের সুযোগ রয়েছে। নতুন বা ভালো রাস্তার উপরে একই কাজ করা হবে না। কাজের বিল এবং গুণমান ইঞ্জিনিয়াররা যাচাই করবেন। দুর্নীতি বা অনিয়মের কোনও সুযোগই নেই।'

  • Link to this news (এই সময়)