ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের এক সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম তপন নায়েক। শনিবার চণ্ডীপুরের ডিআইবি অফিসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা।
জানা গিয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে ওই ব্যক্তি রাজ্য স্তরে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা যাচাইয়ের পরে শনিবার সন্ধ্যে নাগাদ গোপনে অভিযান চালায় এসিবি-র (দুর্নীতি দমন শাখা) একটি দল। হাতেনাতে ধরা পড়েন তপন।
রাজ্যে পালাবদলের পরে সরকারি আধিকারিক, সরকারের কাজে নিযুক্ত কর্মীদের আর্থিক দুর্নীতি আটকাতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। গত ৩১ অগস্ট রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা উলুবেড়িয়ার সাব রেজিস্ট্রি অফিসের আধিকারিক জীবনকৃষ্ণ দাসকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করে। এর আগে ১৭ অগস্ট হাওড়া জেলার ব্যাঁটরা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) সুব্রত সরকার, নাজিরগঞ্জ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল শুভময় মণ্ডলকেও ঘুষ নেওয়ার অভিযোগে ধরা হয়েছিল।