• দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম, সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ
    আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • সামনেই দুর্গাপুজো। ইতিমধ্যেই পুজোয় এবার অষ্টমীর দিন মদের দোকান বন্ধ থাকার ঘোষণায় কিছুটা বিমর্ষ সুরাপ্রেমীরা। তার মধ্যে এবার জানা গেল, উৎসবের মরশুমেই বাড়ছে মদের দাম।

    পুজোর আগে রাজ্যে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদের দাম বাড়তে চলেছে বলে খবর। ইতিমধ্যেই ৩ ধরনের মদের ক্ষেত্রে নতুন মূল্যের কাঠানো তৈরির প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে ১ অক্টোবর থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর হচ্ছে। ফলে সরাসরি মদের দাম বাড়ার কথা ঘোষণা করা না হলেও, ইঙ্গিত স্পষ্ট। 

    অনুমান করা হচ্ছে, ১০ অক্টোবর দেবীপক্ষের আগেই মদের দাম বেড়ে যাচ্ছে রাজ্যে। তালিকায় থাকবে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ। 

    কেন দাম বাড়ানোর সিদ্ধান্ত? 
    গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের রাজ্য পানীয় নিগমের দফতরে একটি বৈঠক বসে। সেখানে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে সংস্থাগুলিকে নতুন করে দাম ধার্য করে নথি জমা দিতে বলা হয়। EOI গ্রহণের পর সমস্ত পণ্যকেই নয়া দামের হিসেবে নতুন করে নথিভুক্ত করতে হবে, এ কথাও বলা হয় সমস্ত সংস্থাকে। সঙ্গে নতুন দাম কার্যকর করার দিন ধার্য হয় ১ অক্টোবর। 

    সংস্থাগুলিকে পণ্যের যে নতুন দাম ধার্য করতে বলা হয় তা প্রচলিত আবগারি আইন মেনে করতে বলা হয়। এক্ষেত্রে শর্ত হল, ৩০ জুনের সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে নয়া দাম এবং তাতে যোগ করা হবে পণ্য মজুত ও পরিচালনার খরচও।

    ফলে সহজেই অনুমান করা যায়, দুর্গাপুজোর মাসেই মদের নতুন মূল্য কার্যকর হতে চলেছে। পুজোর সময় মদের বিক্রি রাজ্যের আবগারি রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় দাম বাড়লে কোষাগার ভরবে। 

    তবে বলা হয়েছে, দোকানে থাকা পুরনো দামের মদ বর্তমান বোতল-লেবেল নথিভুক্তির বৈধতা থাকা পর্যন্ত বিক্রি করা যাবে। পুজোর সময়ে যাতে সরবরাহে কোনও সমস্যা না হয়, তার জন্য প্রস্তুতকারকদের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মদের দাম ঠিক কত টাকা বা কত শতাংশ বাড়বে, কোন কোন ব্র্যান্ডে কতটা পরিবর্তন হবে, সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও নির্দিষ্ট তথ্য নেই। তবে দাম প্রকাশের পরই ক্রেতাদের জন্য বোতলপিছু প্রকৃত মূল্যবৃদ্ধির পরিমাণ পরিষ্কার হবে। 

     
  • Link to this news (আজ তক)