কৌশি অমাবস্যায় তারাপীঠে ভক্ত ও পর্যটকের ঢল নেমেছে। পাল্লা দিয়ে বেড়েছে মদ বিক্রিও। রাজ্য আবগারি দপ্তর জানিয়েছে, ১১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে চার দিনে তারাপীঠে মোট ৪ কোটি ৭৩ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।
আবগারি দপ্তর সূত্রে খবর, ৮ সেপ্টেম্বর প্রায় ৫০ লক্ষ টাকার মদ বিক্রি হয়। এর পরেই শুরু হয় কৌশি অমাবস্যার মূল তিথি। ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিনে বিক্রি হয় ২ কোটি ৫০ লক্ষ টাকার মদ। ১১ সেপ্টেম্বর বিক্রির পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা। সব মিলিয়ে চার দিনে বিক্রির অঙ্ক গিয়ে ৪ কোটি ৭৩ লক্ষ টাকা ছুঁয়েছে।
বিক্রি হওয়া মদের মধ্যে রয়েছে ২৩,৭৭৩ লিটার বিয়ার, ৮,৬০০ লিটারের বেশি দেশি মদ এবং ২৯,৬২২ লিটার বিদেশি মদ। আবগারি দপ্তরের দাবি, অন্য সময়ের তুলনায় দেশি মদ এবং বিয়ারের বিক্রি বেশি হয়েছে। তবে গত বছরের তুলনায় বিদেশি মদের বিক্রি কমেছে প্রায় ৪,২০০ লিটার। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
কেন বিদেশি মদের বিক্রি কমল? আবগারি দপ্তরের আধিকারিকদের অনুমান, এর পিছনে রয়েছে কৌশি অমাবস্যায় তারাপীঠে মদের দোকান বন্ধ থাকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি। সেই জন্য অনেক পর্যটকই তারাপীঠে আসার আগেই অন্য জায়গা থেকে মদ কিনে নিয়ে এসেছিলেন বলে মনে করছেন আবগারি দপ্তরের আধিকারিকরা।