• ব্যাঙ্ককর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে ৪ লক্ষ টাকা লুট, আধ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে প্রায় চার লক্ষ টাকা লুটের অভিযোগ। মহারাষ্ট্রের নাগপুরের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র শাখায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ঘটনা ঘটলেও প্রকাশ্যে এসেছে আজ, শনিবার। তবে শেষ রক্ষা হয়নি অভিযুক্ত যুবকের। পুরো ঘটনা ধরা পড়ে ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায়। সেই সূত্র ধরেই ঘটনার মাত্র আধ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও করে সমস্ত টাকা উদ্ধার করে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, নাগপুরের ওই এসবিআই শাখায় প্রতিদিনের মতো কাজকর্ম চলছিল। সেই সময় গ্রাহক সেজে ব্যাঙ্কের ভিতরে যান এক যুবক। সোজা ক্যাশ কাউন্টারের সামনে এগিয়ে যান তিনি। ব্যাঙ্ক কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক তাঁদের চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেন বলে অভিযোগ।

    চোখে তীব্র জ্বালা ও যন্ত্রণায় ব্যাঙ্ক কর্মীরা ছটফট করতে শুরু করেন। যার জেরে ব্যাঙ্কের ভিতরে হঠাৎই চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সেই সুযোগে কাউন্টার থেকে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ব্যাগে ভরে চম্পট দেন অভিযুক্ত। লুটের পুরো ঘটনা ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, কী ভাবে নিঃশব্দে ঢুকে চোখের পলকে হামলা চালিয়ে টাকা নিয়ে পালাচ্ছে অভিযুক্ত। এই সিসিটিভি ফুটেজই তদন্তের ক্ষেত্রে পুলিশের বড় হাতিয়ার হয়ে ওঠে।

    ভিডিয়ো ফুটেজ দেখে তল্লাশি অভিযানে নামে পুলিশ। সাক্কারদারা থানার তৎপরতায় ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যেই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়। তার কাছ থেকে লুট হওয়া পুরো ৪ লক্ষ টাকাই উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ধৃত যুবকের নাম সুরজ ভোজরাজ বোরকর। ২৮ বছর বয়সি এই যুবক নাগপুরেরই গ্রামীণ এলাকার বাসিন্দা। তবে ঠিক কী কারণে সে লুটের পরিকল্পনা করেছিল, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    ১. কোথায় টাকা লুটের ঘটনা ঘটেছে?

    মহারাষ্ট্রের নাগপুরের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি শাখায় লুটের ঘটনা ঘটে।

    ২. কীভাবে ব্যাঙ্কে লুট করা হয়েছিল?

    গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে এক যুবক কর্মীদের চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছোড়ে বলে অভিযোগ। এরপর ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

    ৩. কত টাকা লুট হয়েছে?

    প্রায় ৪ লক্ষ টাকা লুট করা হয়েছিল।

    ৪. ব্যাঙ্ক কর্মীদের উপর কীভাবে হামলা করা হয়?

    অভিযোগ, অভিযুক্ত যুবক ব্যাঙ্ক কর্মীদের চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয়।

  • Link to this news (এই সময়)