• ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব!
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • নভেম্বরে নয়, এ বার ডিসেম্বরে বসবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। বড়দিনের ছুটির ঠিক আগে, ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIFF। শুক্রবার নন্দনে অনুষ্ঠিত হল ৩২তম KIFF-এর প্রথম বৈঠক। সেখানেই আসন্ন চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি, সাংগঠনিক কাঠামো এবং বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

    গত ১৩ অগস্ট নন্দনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ১৬ থেকে ২৩ ডিসেম্বর। সেই ঘোষণার পর শুক্রবারই হল উৎসবের প্রথম প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন KIFF-এর প্রধান উপদেষ্টা মিঠুন চক্রবর্তী, চেয়ারম্যান প্রসেনজিৎ চ্যাটার্জি, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

    এ বারের উৎসবকে আরও বড় এবং আন্তর্জাতিক মানের করে তোলার পরিকল্পনা রয়েছে বলে বৈঠক শেষে জানান উপস্থিত তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরের সময়টিই এ বার বেছে নেওয়া হয়েছে। বড়দিনের ছুটির আগে হওয়ায় মানুষও উৎসবের মেজাজে থাকবেন। তাঁর আশা, এই সময়ে কলকাতার মানুষ আরও বেশি করে ভাল সিনেমা দেখতে উৎসাহিত হবেন। আগামী দিনে উৎসবের বিস্তারিত পরিকল্পনা জানানো হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক মানের ভাল সিনেমা দেখানোর উপরেও জোর দেওয়া হবে।"

    বৈঠক নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও। তাঁর কথায়, "এ দিন ছিল প্রথম মিটিং এবং ইতিমধ্যেই একাধিক সাব-কমিটি তৈরি করা হয়েছে। KIFF-এ ভাল ভাল সিনেমা থাকার পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির আরও বেশি মানুষকে উৎসবের সঙ্গে যুক্ত করার ইচ্ছা রয়েছে তাঁদের। একই সঙ্গে ফিরে আসে পুরনো KIFF-এর নস্টালজিয়াও। রূপার কথায়, এক সময় অতিথিদের বসার জায়গা হত না, এমনকি মাটিতে বসেও সিনেমা দেখতে হয়েছে। সেই পুরনো স্মৃতির কথাও যেন এ বার ফিরিয়ে আনতে চান তাঁরা।

    অভিনেত্রী অঞ্জনা বসু জানান, "কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হলে কাজ আরও সুন্দর ভাবে করা সম্ভব হবে। এ বারের KIFF-এ কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের ছবি থাকছে বলেও জানান তিনি। শুধু তাই নয়, উত্তমকুমারের নামে একটি পুরস্কার দেওয়ার পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনেন অঞ্জনা।

    এ দিনের বৈঠকে প্রথমবার অংশ নেন অভিনেতা জিৎ। তাঁর কথায়, এই ধরনের বৈঠকে তিনি এই প্রথম এলেন এবং সেখান থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।

    অগ্নিমিত্রা পাল জানান, এ দিন ছিল উৎসবের প্রথম বৈঠক। তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন KIFF-এর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান উপদেষ্টা মিঠুন চক্রবর্তীর ভূমিকার কথা। অন্যদিকে অভিনেত্রী পাপিয়া অধিকারীর কথায়, মিঠুন চক্রবর্তীর ইচ্ছা—এ বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভাল করে আয়োজন করা।

    রুদ্রনীল ঘোষ বলেন, নতুন সরকার গঠনের পর থিতু হতে কিছুটা সময় লাগে৷ সবকিছু সুন্দর ভাবে করাই লক্ষ্য৷ আন্তর্জাতিক মানের ভাল সিনেমা দেখানো লক্ষ্য৷ 

    অর্থাৎ প্রথম বৈঠকেই স্পষ্ট, ৩২তম KIFF-কে ঘিরে প্রত্যাশা অনেকটাই বেশি। আন্তর্জাতিক মানের সিনেমা, তারকাদের উপস্থিতি, উত্তম কুমারের নামে পুরস্কার এবং পুরনো KIFF-এর নস্টালজিয়াকে একসঙ্গে সামনে রেখে এ বার ডিসেম্বরের উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে চাইছে আয়োজক কমিটি।
  • Link to this news (আজকাল)