• ৭দিন মাটি পৌঁছচ্ছে না! পুজোর মুখে চিন্তায় কুমোরটুলি
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • রিয়া পাত্র: ঝমঝমিয়ে বৃষ্টি টানা। মাটি শুকোচ্ছে না। রঙ কাঁচা থেকেই যাচ্ছে। ওদিকে, পুজো যত এগিয়ে আসছে, বাঙালির বছরভরের আঙুল গোনার অভ্যাস যেন ততই বাড়ছে। কলকাতার কুমোরটুলি হোক কিংবা যে কোনও শহরের কুমোরপাড়া, এই সময়টায় যেন একটু বেশি রঙিন হয়ে ওঠে। পুজোর আগে এই মুহূর্তে কতটা রঙিন কলকাতার কুমোরটুলি? খোঁজ নিতে গিয়ে ধরা পড়ল মনকেমন। 

    কেমন সেটা? 

    রাজ্যে পালাবদলের পরেই, সামনে এসেছিল মৃৎশিল্পীদের মাটির সমস্যা। মাঝে সেটা কেটে গিয়েছিল। কিন্তু পুজোর মুখে ফিরে এসেছে তা আবার। গত সাতদিন ধরে মাটি ঢুকছে না গলিতে। তাতে পুজোর মুখে বেশ চিন্তায় শিল্পীরা। তেমনটাই জানাচ্ছেন, কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির সেক্রেটারি বাবু পাল। তাঁর বক্তব্য, 'যেভাবে কাজের অর্ডার নিয়েছেন আমাদের শিল্পীরা, তাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী নিজে আমাদের মাটির সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। মাঝে সেটা ঠিক হয়েও গিয়েছিল। এতদিন মাটি পাচ্ছিলাম। কিন্তু যেখান থেকে আমরা মাটি নিই, সেখানে কিছু দালাল রয়েছেন। তাঁরা মাটি বাইরে বিক্রি করে দিচ্ছেন। ফলে কুমোরটুলিতে এই সময়ে যে পরিমাণ মাটি দরকার, তা পাচ্ছি না। হাজার লরি মাটি দরকার, পেয়েছি ধরুন বেশি হলে দু'শ লরি। এই মুহূর্তে সাতদিন মাটি আসা বন্ধ রয়েছে আমাদের। আমরা ফলতা পুরসভা, জেলাশাসকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি আজ-কালের মধ্যে মিটে যাবে। তাহলেও মাটি পেতে আগামী সপ্তাহ। সমস্যা না মিটলে, কী হবে আমরা কেউ জানি না। মাটি না পেলে তো আমরা  কাজ করতে পারব না, সময়ে প্রতিমা দিতে পারব না।' 

    এবছর কুমোরটুলিতে প্রতিমার বায়না কেমন এসেছে? 

    ধনঞ্জয় রুদ্র পাল অ্যান্ড সন্স, কৃষ্ণা স্টুডিও, জীতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স, মোহন বাঁশি রুদ্রুপাল, একে একে কারখানা ঘুরে জানা যাচ্ছে, অন্যান্য বছরের তুলনায় প্রতিমার বায়না কিছুটা কম, কোনও ক্ষেত্রে প্রায় একই। তবে প্রায় সকলের মুখে একই কথা, এবার সাবেকি প্রতিমার চাহিদা বেড়েছে বেশকিছুটা। থিমের মূর্তির চাহিদা গত কয়েকবছরে যে হারে বেড়েছিল, এবার তাতে বদল। এক চালার মূর্তির দিকে ঝোঁক বেশি। 

    জীতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স-এর সাধন পাল বলছেন, 'এবার পুজোর সংখ্যা কিছুটা কম হবে বলে মনে হচ্ছে। কারণ রাস্তা বন্ধ করে পুজো করায় কোড়াকড়ি, অন্যদিকে অনুদান, সব মিলিয়ে এখনও পর্যন্ত আমার অন্তত অভিজ্ঞতা তেমনটাই বলছে।' 

    বাবু পাল বলছেন, 'অন্যান্য বছরে কুমোরটুলিতে অন্তত এক থেকে দেড়শ থিমের পুজো হয়। এবার কোনও এক চাপের কারণে হোক বা যে কারণেই হোক, থিমের মূর্তির বায়না এসেছে দশ-বিশ। এবার বেশি একচালার পুজোর বায়না। তবে এই পরিবর্তন কতটা মানুষের মনে জায়গা করে নিল, সেটা যদিও বোঝা যাবে আগামী বছরে।'
  • Link to this news (আজকাল)