রিয়া পাত্র: ঘাসফুল মাড়িয়ে বঙ্গে পদ্মের জমানা। পালাবদলের ঘটলেই, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের হাত ধরে বদলও আসে। বঙ্গে বিজেপি সরকার আসার পরেই, নানা জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম বার্ষিকীতে প্রথমবার মহাকরণে পালন করা হয় তা। ইকো পার্কে ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তির শিলান্যাস করা হয়। হুগলিতেও শ্যামাপ্রসাদের বাড়ি সংস্কারে একাধিক উদ্যোগ নিয়ে রাজ্যসরকার।
মে মাসের পালাবদলের পর, খাস কলকাতার কুমোরটুলিতে কতগুলি শ্যামাপ্রসাদের মূর্তি গড়া হল?
মন্টি পালের কারখানায় বছরভর মূলত মূর্তি, স্কাল্পচার গড়া হয়। সেখানকার সৌভিক চ্যাটার্জি বলছেন, গত কয়েকমাসে পাঁচ থেকে ছ'টি শ্যামাপ্রসাদের মূর্তি গড়ার বরাত পেয়েছিলেন। নানা জায়গায় সেগুলি চলেও গিয়েছে।
মিন্টু পালের কারখানায় এখন কাঁচা মাটি তাল তাল। গড়া হচ্ছে দুর্গা প্রতিমা। এসবের মাঝেই দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচু। এই কয়েকমাসে চারটি মূর্তি গড়া হয়েছে মিন্টু পালের কারখানায়। একটি এখনও রয়েছে সেখানে। আগামিকাল নিয়ে যাওয়া হবে। মিন্টু বলছেন, 'আগে বাম জমানায়, এদিকে-ওদিকে লেনিন-স্ট্যালিনের মূর্তি বসল। তারপর সরকার বদলাল। আবার চারদিকে নেতাজি-স্বামীজি-রবীন্দ্রনাথের মূর্তিতে ভরে গেল। এবার আবার বদল হল। এরা এখন শ্যামাপ্রসাদের মূর্তি বসাচ্ছে। এই কয়েকমাস হল। সময় যত এগোবে, বাড়বে মূর্তি বসানোর ঢল।'
মিন্টুর ধারণা, এই কয়েকমাসে, অন্তত ২২-২৫টি শ্যামাপ্রসাদের মুখার্জির মূর্তি গড়া হয়েছে কুমোরটুলিতে। অন্যদিকে বীরেন্দ্র স্টুডিওর সমানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির খোঁজ করতেই জনৈক শিল্পী জানাচ্ছেন, একটি মূর্তির অর্ডার এসেছিল, তৈরিও হয়েছে, কিন্তু সেই মূর্তি আর কেউ নিয়ে জাননি। কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির সেক্রেটারি বাবু পাল এই প্রসঙ্গে জানান, 'ক্ষমতা বদল হলে, মূর্তি, স্ট্যাচুর চাহিদারও বদল হয়। এবারেও হচ্ছে। তবে কতটা চাহিদা, সেটা বুঝতে সময় লাগবে আরও খানিকটা।'