সুজিত বসুর ছেলের রেস্তারাঁয় হানা দিতেই সব পর্দা ফাঁস
আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: লেকটাউনে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের দু'টি রেস্তোরাঁয় হানা দিলেন বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। এই হানায় উদ্ধার হল মজুত করে রাখা একাধিক খাদ্যসামগ্রী। কোথাও মাংসে ছত্রাক, আবার কোথাও খোলা অবস্থায় রাখা ছিল মশলা ও আইসক্রিম। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করে রাখা হয়েছিল মাংস ও মাছ। সেগুলি বাজেয়াপ্ত করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
শুক্রবার লেকটাউনের মোট তিনটি রেস্তোরাঁয় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। এর মধ্যে ছিল সিমলা বিরিয়ানি এবং সুজিত বসুর ছেলের দু'টি রেস্তোরাঁ- চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা।
খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের অভিযোগ, চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবায় বিপুল পরিমাণ খাবার মজুত করে রাখা হয়েছিল। প্রায় ৫০ থেকে ৬০ কেজি মাংস এবং মাছ ফ্রিজে রাখা ছিল বলে দাবি আধিকারিকদের। তাঁদের অভিযোগ, ওই খাদ্যসামগ্রীগুলি বেশ কয়েকদিনের পুরনো। পাশাপাশি মশলা, ভিনিগার এবং আইসক্রিমের মতো খাদ্যসামগ্রীও খোলা অবস্থায় রাখা ছিল।
অভিযানে বাজেয়াপ্ত করা সমস্ত খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি সুজিত বসুর ছেলের নামে থাকা চাইনিজ কুইজিন রেস্তোরাঁটি আগামী দু'দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে লেকটাউনের রেস্তোরাঁগুলিতে অভিযান চালিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।