নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পায়ের তলায় সর্ষে’! তাই সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ভ্রমণপ্রীয় বাঙালি। সামনেই উৎসবের মরশুম। সে সময় কে কোথায় বেড়াতে যাবেন, তার প্ল্যান ইতিমধ্যে প্রায় সকলের কমপ্লিট। কাটাও হয়ে গিয়েছে ট্রেনের টিকিট। তবে উৎসবের মরশুম শুরুর মুখে ফের ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। বালিচক রোড ওভারব্রিজে স্টিল গার্ডার বসানোর কাজের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর থেকে খড়্গপুর ডিভিশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। দু’দিন এই নিয়ন্ত্রণ চলবে। যে কারণে ১৯-২০ সেপ্টেম্বর একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি যাত্রাপথ পরিবর্তন হয়েছে কিছু ট্রেনের। ফলে সমস্যার মুখে পড়বেন প্রচুর রেল যাত্রী ও পর্যটক। কী ভাবে ঘুরতে যাবেন তা নিয়ে যথারীতি চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা।
অন্যদিকে কেয়কটি দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ২২৫০২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট-সাঁইথিয়া-আন্ডাল-আসানসোল-বার্নপুর-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে চলবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এদিকে, ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া হয়ে ঘুরপথে চলাচল করানো হবে।
রেল মারফত জানা গিয়েছে, বালিচক রোড ওভারব্রিজে স্টিল গার্ডার বসানোর কাজ সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।