দুর্গাপুজোয় সম্ভব, কিন্তু গৃহস্থের বিদ্যুৎ খরচে ছাড় কোথায়, প্রশ্ন
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় রাজ্যের পুজো কমিটিগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে গৃহস্থকে ও কৃষিকাজে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি নিয়ে এখনো সরকার চুপ কেন, প্রশ্ন তুলল বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)। সংগঠনের সাদধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, নির্বাচনি প্রচারে শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিমাসে গৃহস্থকে বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে। কৃষিক্ষেত্রেও বিদ্যুৎ মাশুল দিতে হবে না। কিন্তু বাস্তবে এখনো তেমন কিছুই হয়নি। অন্যদিকে, ক্ষুদ্রশিল্পে প্রতিমাসে প্রতি কেভিএ ২০০ টাকা ‘মিনিমাম চার্জ’ বাবদ নেওয়া হচ্ছে। তা এই শিল্পের উপর যথেষ্ট চাপ তৈরি করছে। সরকার সেই চার্জ প্রত্যাহার করেনি। সুব্রতবাবুর কথায়, সাধারণ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ খরচ বহন করছেন। পুজোমণ্ডপে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হলেও তাঁদের আর্থিক সুরাহার কোনো ব্যবস্থা করা হয়নি।