• মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রমজান আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূর দাবি, সমস্যা সমাধানের জন্য খড়দহের ওই বিজেপি নেতার কাছে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। শুক্রবার অভিযোগ পেয়ে রহড়া থানার পুলিশ রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি তথা খড়দহের বিজেপি নেতা শেখ রমজান আলিকে গ্রেপ্তার করেছে। যদিও এদিনই বারাকপুর মহকুমা আদালত থেকে তিনি জামিন পেয়ে গিয়েছেন। রমজানের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সম্প্রতি এক মহিলা রহড়া থানায় রমজান আলির নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেন, পারিবারিক সমস্যা সমাধানের জন্য আমি বিজেপি নেতা শেখ রমজান আলির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর উনি আমাকে ফোনে নানারকম খারাপ কথা বলেন। তাঁর সঙ্গে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। বিষয়টি আমি এক বিজেপি নেতাকে পাঠায়। 

    এই কথা জানতে পেরে ওই গৃহবধূর বাড়িতে রমজান লোক পাঠিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই মহিলা রহড়া থানার দ্বারস্থ হন। শুক্রবার সকালে তাঁকে রহড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। আদালতে যাওয়ার পথে রমজান বলেন, দলেরই একাংশ পালাবদলের পর বিজেপিতে আসা তৃণমূলের তোলাবাজদের নিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। খড়দহের বিধায়ক অফিসে বসেই আমাকে গালিগালাজ ও খুন করার হুমকি দেওয়া হয়েছে। আমি চক্রান্তের শিকার। জেলা বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, খোঁজ নিয়ে মন্তব্য করব। আইন আইনের পথে চলবে।
  • Link to this news (বর্তমান)