এই সময়, হিঙ্গলগঞ্জ: বিজেপির অস্বস্তি বাড়িয়েই চলেছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। কয়েকদিন আগেই আদালতের নির্দেশ উপেক্ষা করে অন্য বিধানসভায় গিয়ে জোর করে জমি দখলে মারামারিতে জড়িয়েছিলেন রেখা। সেই ঘটনায় তাঁর সঙ্গে দূরত্ব রেখেছিল দল। এ বার সরাসরি দলের বিরুদ্ধেই আঙুল তুলে রেখা বললেন, 'জেলা থেকে আমাকে মিসগাইড করা হয়। কারণ আমি পড়াশোনা জানি না।' এর সঙ্গেই রেখার সংযোজন, 'তবে আমার বাবা এইট-নাইন পাশ করে বাইরে ডাক্তারি করতেন।'
প্রত্যাশিত ভাবেই রেখার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া ওই মন্তব্যে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন জেলার বিজেপি নেতৃত্ব। রেখার বাবার 'ডাক্তারি' নিয়ে হাসির ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
দিন কয়েক আগে সন্দেশখালিতে শরিকি জমি নিয়ে মারপিটে জড়িয়ে পড়েন রেখা। ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ায় দলের অন্দরেও চাপে পড়েন তিনি। একজন বিধায়ক নিজের এলাকা ছেড়ে সন্দেশখালিতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলায় বিরোধী এমনকী বিজেপি নেতৃত্বও তীব্র সমালোচনা করেন। সেই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রেখা শুক্রবার মন্তব্য করেন, 'যে মেজবাবুকে চড় মেরেছিলাম, তার গায়ে পোশাক ছিল না বলে বুঝতে পারিনি। তা স্বীকার করে মেজবাবুর কাছে ক্ষমা চেয়ে নিই। দলের প্রতিনিধি থাকতে আমাকে কেন আসতে হবে বলে একটা চড় মেরেছিলাম।'
শুক্রবার রেখা বলেন, 'পড়াশোনা জানি না বলে জেলা কমিটি সব সময়ে আমাকে অপমানিত করে বলে দলের কোনও অনুষ্ঠানে যাই না। এ বিষয়ে দল যেন ঠিকঠাক বিচার করে।' এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, 'রেখাকে আমরা সম্মান করি। সব সময়ে ওঁর সঙ্গে যোগাযোগ করে কাজ করা হয়। তা সত্ত্বেও কেন এমন কথা বললেন তা উনিই বলতে পারবেন।' সন্দেশখালির প্রাক্তন সিপিএমের বিধায়ক নিরাপদ সদার বলেন, 'দল কাকে বিধানসভায় পাঠিয়েছে তা এ বার বুঝছে বিজেপি।'