• পুজোর আগেই হাওড়া-খড়্গপুর শাখায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • পুজোর মরশুম শুরুর মুখে ফের ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। ‘উন্নয়নমূলক কাজ’ চলার কারণে বাতিল থাকবে একাধিক দূরপাল্লার ট্রেন। আগামী ১৯ এবং ২০ সেপ্টেম্বর ওই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এই তালিকায় আছে হাওড়া-পুরী ট্রেন-ও। বাতিল থাকবে মেদিনীপুর এবং হাওড়ার মধ্যে চলা একাধিক লোকাল ট্রেন। সেই সঙ্গে তিনটি ট্রেনকে চালানো হবে ঘুরপথে। এর ফলে যাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা।

    কেন ট্রেন বাতিল?

    দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালিচক স্টেশনের লেভেল ক্রশিংয়ের ওপর রোড ওভারব্রিজ বসানোর কাজ চলছে। আগামী ১৯ এবং ২০ সেপ্টেম্বর ওই নির্মীয়মাণ রোড ওভারব্রিজে বসানো হবে স্টিলে গার্ডার। এই কাজের জন্য ওই দু’দিন দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন এবং বেশ কয়েকটি ইএমউ লোকাল বাতিল করা হচ্ছে। কাজের সময়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

    কোন কোন ট্রেন বাতিল ?

    দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর বাতিল থাকবে

    ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস

    ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস

    ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস

    ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস

    ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো সিটি স্টিল এক্সপ্রেস।

    এ দিন বাতিল থাকবে ৩৮৭২৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল-ও।

    ১৯ এবং ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে ২২৮৮৯/ ২২৮৯০ দিঘা-পুরী এক্সপ্রেস।

    অন্য দিকে, ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৮৮০১ হাওড়া-মেদিনীপুর ইএমইউ লোকাল, ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর ইএমইউ লোকাল, ৩৮৭০২ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল, ৩৮৭০৪, ৩৮৭০৫, ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া ইএমইউ লোকাল। ওই দিন বাতিল থাকবে ৩৩৮০২ মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকাল-ও।

    ঘুরপথে ট্রেন

    তিনটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর তারিখে যাত্রা শুরু করা ২২৫০২ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত রুটের বদলে রামপুরহাট-সাঁইথিয়া-অন্ডাল-আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে চলবে। একই পথ ধরে চলবে ১৮ সেপ্টেম্বর তারিখে যাত্রা শুরু করা ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস। ১৯ সেপ্টেম্বর তারিখে যাত্রা শুরু করা ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেসকে হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া রুটে চালানো হবে।

  • Link to this news (এই সময়)