এই সময়: রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং স্বাস্থ্য প্রকল্পের উপভোক্তাদের চিকিৎসা খরচের রিইম্বার্সমেন্টের পথ আরও সহজ করল রাজ্য অর্থ দপ্তর। বেসরকারি ক্ষেত্রে মূল রোগের চিকিৎসার পাশাপাশি কো-মর্বিডিটি (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যা) চিকিৎসার ক্ষেত্রে এতদিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে মূল চিকিৎসকের পৃথক সুপারিশপত্র বা রেফারেল লাগত। অন্যথায় মিলত না চিকিৎসার খরচ। এই নিয়মটি নিয়ে সরকারি কর্মচারী ও পেনশনারদের হয়রানির মুখে পড়তে হচ্ছিল বলে বহু দিন ধরেই অভিযোগ উঠছিল। সম্প্রতি অর্থ দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, এখন থেকে এই ধরনের চিকিৎসায় মূল চিকিৎসকের রেফারেল নেওয়ার নিয়ম তুলে নেওয়া হলো।
ধরা যাক, কোনও সরকারি কর্মচারী বা পেনশনভোগী রাজ্য স্বাস্থ্য প্রকল্পের (ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম) আওতায় কোনও বিশেষ রোগের জন্যে নিয়মিত চিকিৎসা করাচ্ছেন। সেই চিকিৎসার মধ্যেই যদি অন্য কোনও সমস্যার কারণে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে, তবে এতদিন নিয়ম ছিল—নিয়মিত চিকিৎসা করছেন যিনি সেই ডাক্তারবাবুর কাছ থেকে একটি রেফার লেটার আনতে হবে। এই নিয়মের কারণে বহু মানুষ রিইম্বার্সমেন্ট বা চিকিৎসার খরচ ফেরত পেতে সমস্যায় পড়ছিলেন।
নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ওপিডি বা বহির্বিভাগে চিকিৎসার সময়ে মূল রোগের পাশাপাশি কোনও কো-মর্বিডিটির চিকিৎসার প্রয়োজন হলে সরকারি কর্মচারী বা পেনশনভোগী সরাসরি তালিকাভুক্ত হাসপাতালের যে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারবেন। সেই চিকিৎসকের প্রেসক্রিপশন, হাসপাতালের বিল এবং অন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ম মেনে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিলেই খরচের টাকা ফেরতের আবেদন গ্রহণযোগ্য হবে। তবে এই নির্দেশিকায় প্রকল্পের পরিধি বাড়ানো হয়নি। স্বাস্থ্য প্রকল্পের বাকি নিয়মকানুন ও শর্তও অপরিবর্তিত থাকছে।