এই সময়: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যের রাস্তা, সড়ক, অ্যাভিনিউ, সেতু–সহ বিভিন্ন জনপরিসরের নতুন নামকরণ এবং নাম বদলের প্রস্তাব খতিয়ে দেখতে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উপদেষ্টা কমিটি গঠন করল নবান্ন। রাজ্যস্তরে এই কমিটি কাজ করবে। এর চেয়ারপার্সন হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)। দশ সদস্যের এই কমিটিতে রয়েছেন, মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, বিষ্ণুপদ দত্ত-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
সরকারি নির্দেশ অনুযায়ী, কলকাতা পুরসভার রাস্তার নামকরণ বা নাম পরিবর্তনে ক্ষেত্রে পুর–আইন মেনে পরামর্শদাতা কমিটিকে বিবেচনা করার কথা বলা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন দপ্তর, পুরসভা, স্থানীয় প্রশাসন এবং অনুমোদিত সংস্থার কাছ থেকে আসা নামকরণ বা নাম পরিবর্তনের প্রস্তাব এই কমিটি পরীক্ষা করবে। কোনও নামের ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক, ঐতিহ্যগত এবং জনস্বার্থের গুরুত্বও বিবেচনা করা হবে।
প্রয়োজন হলে পুরোনো ঐতিহাসিক বা প্রচলিত নাম ফিরিয়ে আনার প্রস্তাবও খতিয়ে দেখবে কমিটি। সাধারণ মানুষের সুবিধে, ভৌগোলিক পরিচিতি এবং নামের ধারাবাহিকতার বিষয়গুলিও নতুন নামের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে। কোনও বিশিষ্ট ব্যক্তিত্বের অবদান, ঐতিহাসিক ঘটনা কিংবা সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে কোনও স্থানের সম্পর্ক থাকলে সেটিরও মূল্যায়ন করবে কমিটি।