আগামী ৬ অক্টোবর রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফে জানানো হয়েছে, নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়বেন মিলন প্রধান ও রেজিনগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন মহম্মদ আব্দুল্লাহি কাফি। উল্লেখ্য, উপনির্বাচনে দু’টি কেন্দ্রেই ২৬-এর বিধানসভা নির্বাচনের বদলে নতুন মুখ আনা হয়েছে। বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন যথাক্রমে জারিয়াতুল হোসেন এবং জিল্লু সেখ।
গত সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী ও রেজিনগর কেন্দ্র থেকে হুমায়ুন কবীর ইস্তফা দেওয়ার জন্যেই উপনির্বাচন হচ্ছে এই দু’টি কেন্দ্রে। ইতিমধ্যেই, এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
২০০৮ সালে নন্দীগ্রাম জমি আন্দোলন থেকে রাজনীতিতে উঠে আসা মিলন প্রধানের। সোনাচূড়ার বাসিন্দা হলেও মিলন ব্যবসার জন্য কলকাতায় থাকেন। তবে নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। দল তাঁকে প্রার্থী করার পরে মিলন বলেন, ‘বিজেপি যতই বলুক, তারা লক্ষাধিক ভোটে জয়লাভ করবে, তা তারা পারবে না। আমাদের পাশেই নন্দীগ্রামের মানুষ থাকবে। আমরাই বিপুল ভোটে জয়লাভ করব।’