নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়। সেই সঙ্গেই হরমুজ় প্রণালীর সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে চলা বিবাদের জেরে ব্যাহত হচ্ছে হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল। সেই কারণে আন্তর্জাতিক এই সমুদ্রপথ সুরক্ষিত রেখে সেখানে অবাধে পণ্যবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করার দিকে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লিতে চলা BRICS সম্মেলনে এই বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, ওই বাণিজ্যপথ সুরক্ষিত না থাকলে বিশ্ববাণিজ্যে প্রভাব পড়ছে। বিশ্ববাণিজ্য যাতে স্বাভাবিক গতিতে এগোতে পারে তা নিশ্চিত করতে এই বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। নাম না করে হরমুজ় প্রসঙ্গ টেনেই এই কথা বলেন মোদী।
হামলার মুখে ভারতীয় নাবিক
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ইরান এবং আমেরিকার মধ্যে লড়াইয়ের জেরে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়। ইরান-আমেরিকার সংঘাতের জেরে হরমুজ় প্রণালী দিয়ে তেল সরবরাহ কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে বিকল্প পথ হিসেবে ব্যবহার করার সময়ে ওমান উপসাগরেও হামলার মুখে পড়তে হয়েছে ভারতীয় নাবিকদের। একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে কৃষ্ণ সাগরেও (Black Sea)। হরমুজ় প্রণালীতে ( Strait of Hormuz) হামলায় অন্তত দু’জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্বেগ
আর, শুক্রবার থেকে শুরু হওয়া ব্রিকস (BRICS) সম্মেলনর বিজ়নেস ফোরামে এই নিয়ে উদ্বেগের কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান-ও। কোনও অঞ্চলের নাম না করেই ওই এলাকায় ভারতীয় নাবিকদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোদী। ওই অঞ্চলে উত্তেজনা থাকার কারণে বিশ্ববাণিজ্যে কী প্রভাব পড়ছে তার কথাও উল্লেখ করেন তিনি। বিশ্ববাণিজ্যের অগ্রগতির সঙ্গে সমুদ্রপথ, সরবরাহ রুট এবং নাবিকদের নিরাপত্তার বিষয়টিও যুক্ত বলে জানান প্রধানমন্ত্রী।
জাহাজ চলাচলের স্বাধীনতা
এই কারণেই আন্তর্জাতিক সমস্ত জলপথে জাহাজ যাতে অবাধে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করার পক্ষেও জোরালো সওয়াল করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্ব বাণিজ্যের অগ্রগতি কেবল তখনই সম্ভব যখন সমুদ্রপথ নিরাপদ থাকে। সেখানে সরবরাহ ব্যবস্থা সচল এবং নাবিকরা নিরাপদ থাকেন। এ কারণেই ভারত অবাধ নৌ-চলাচল এবং নাবিকদের নিরাপত্তার একটি দৃঢ় সমর্থক ।’ এ ছাড়া বিশ্ববাণিজ্যের অগ্রগতি সম্ভব নয় বলেও জানান তিনি।
রাশিয়া এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
শুক্রবার, এই সম্মেলন শুরুর আগে রাশিয়া এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। এই দুই দেশের সঙ্গে বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক কী ভাবে আরও উন্নত করা যায় তা নিয়েও আলোচনা হয়। সেই সঙ্গেই রাশিয়া-ইউক্রেন এবং আমেরিকা-ইরানের যুদ্ধ নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্য। এই সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতিই একমাত্র পথ বলেও তাঁদের জানান ভারতের প্রধানমন্ত্রী।