বালেশ্বরের জঙ্গলে উদ্ধার হওয়া পাঁচটি ওরাংওটাং কী ভাবে ভারতে এল, তা খতিয়ে দেখতে যে তদন্ত শুরু হয়েছে, সেটা এসে পৌঁছল পশ্চিমবঙ্গে। ওরাংওটাং পাচারে যুক্ত সন্দেহে পশ্চিমবঙ্গের দিঘা থেকে তিন জনকে আটক করেছে ওডিশা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
ওডিশার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিঘার একটি হোটেল থেকে ৩ জনকে আটক করেছে ওডিশার এসটিএফ। যদিও তাঁদের পরিচয় এখনও সামনে আসেনি। ওরাংওটাং-এর সঙ্গে ওই তিন জন কী ভাবে জড়িত, সেটাও পুলিশের তরফে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জানানো হয়নি।
সংবাদমাধ্যম সূত্রের খবর, ওডিশার ডিজিপি বিনয়তোষ মিশ্র জানিয়েছেন, সন্দেহের উপর ভিত্তি করে ৩ জনকে আটক করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন পথে ওরাংওটাংগুলিকে আনা হয়েছে। কে বা কারা এনেছে এবং কী কারণে এনেছে, সবটাই তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে জেলার একটি সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে নিউ দিঘার একটি হোটেলে যায় ওডিশার এসটিএফ টিম। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেন এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। নির্দিষ্ট একটি গাড়ির খোঁজ করছিলেন তাঁরা। ওই দিন রাতেই অন্য একটি হোটেলে যায় তদন্তকারীদের দল। সূত্রের খবর, হোটেল কর্তৃপক্ষ জানায় ৯ সেপ্টেম্বর রাতে চেক আউট করে হোটেলে থাকা ব্যক্তিরা চলে গিয়েছে। তিন জনকে আটক করা হয়েছে কিনা সেই বিষয়ে জেলা পুলিশের তরফে কিছু জানানো হয়নি। পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা জানিয়েছেন, তদন্তকারীদের সবরকম সাহায্য করা হচ্ছে।
বালেশ্বরের জঙ্গলে যেখানে ওরাংওটাং শাবকগুলিকে পাওয়া গিয়েছে, তার কাছেই সিসিটিভিতে ধরা পড়েছিল একটি কালো রঙের SUV-এর আনাগোনা। স্থানীয়রাও ওরাংওটাং উদ্ধারের আগের রাতে বালেশ্বরের জঙ্গলের কাছে ওই SUV দেখা গিয়েছিল বলে দাবি করেছিলেন।
৮ সেপ্টেম্বর ওডিশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের একটি জঙ্গলে স্থানীয় বাসিন্দারা পাঁচটি ছোট ওরাংওটাং দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরকে। পরে বনকর্মীরা প্রাণীগুলিকে উদ্ধার করেন। ওরাংওটাং ভারতের বন্যপ্রাণী নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বোর্নিও এবং সুমাত্রা দ্বীপের অরণ্যে এদের দেখা যায়। ক্রিটিক্যালি এনডের্ঞ্জাড প্রাণীর তালিকাভুক্ত এরা। ভারতের জঙ্গলে এমন প্রাণী পাওয়া যেতেই পুলিশের সন্দেহের তালিকায় আসে পাচারচক্র।
আপাতত ওই পাঁচটি ওরাংওটাংকে ভুবনেশ্বরের নন্দনকাননে রাখা হয়েছে। সেখানে তাদের উপর নজর রাখছেন চিকিৎসক ও প্রাণী বিশেষজ্ঞরা।
ওডিশা STF-এর পাশাপাশি Wildlife Crime Control Bureau এই তদন্তে যুক্ত হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন—
১. প্রাণীগুলি কোন দেশ থেকে ভারতে ঢুকেছে
২. কোন রুটে তাদের আনা হয়েছে
৩. দিঘা বা পশ্চিমবঙ্গকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল কি?
৪. কালো SUV-টির সঙ্গে প্রাণীগুলির কোনও যোগ রয়েছে?
বালেশ্বরে উদ্ধার হওয়া ওরাংওটাংগুলিকে ফেরানোর বিষয়ে ইন্দোনেশিয়া ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। AFP প্রতিবেদন সূত্রের খবর, জাকার্তার বনমন্ত্রী জানিয়েছেন, ৫টি ওরাংওটাংকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।