‘অনুমতি’ ছাড়াই তাঁর পোশাক পরেছিলেন ‘বন্ধু’। এই সামান্য বিষয় নিয়ে বিবাদের জেরে বেঘোরে প্রাণ গেল সেই ‘বন্ধু’-র। অভিযোগ, ওই পোশাক পরা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে মারা হয়েছে তাঁকে। মুম্বইয়ের গোরেগাঁও এলাকার ঘটনায় পলাতক অভিযুক্ত। তার খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরজ ডোলে (Suraj Dole)। ২৬ বছর বয়সি সুরজকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে সুবোধ ওয়াগমারের বিরুদ্ধে। গোরেগাঁও পশ্চিম এলাকায় ফুটপাতে বাস করতেন সুবোধ। বিভিন্ন প্রাণীর দেখাশোনা করতেন তিনি।
গত বৃহস্পতিবার মধ্যে রাতে, সেখানকার এসভি রোডে, একটি স্টুডিও-র সামনে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, কারোর অনুমতি না নিয়েই অন্যদের জিনিস ব্যবহার করতেন সুরজ। এমন কী সুবোধের জামা এবং অন্যান্য পোশাকও পরতেন তিনি। এই নিয়েই সুরজ এবং সুবোধের মধ্যে বিবাদ হয়। সেই সময়েই পাথর জাতীয় জিনিস দিয়ে সুরজকে মারেন সুবোধ বলেও অভিযোগ।
শুক্রবার, গোরেগাঁও থানার পুলিশ জানিয়েছে, এই নিয়ে অভিযোগ জানিয়েছেন সুরজের বাবা শঙ্কর ডোলে। তাঁর দাবি, ওই দু'জনের বন্ধু সুধাংশু পাণ্ডের সামনেই ওই দু'জনের মধ্যে বিবাদ হয়। সেই বিবাদ এবং মারামারি থামাতে গিয়েও ব্যর্থ হন সুধাংশু।
সুধাংশুর দাবি, সুবোধ তাঁকে জানিয়েছিলেন যে কোনও অনুমতি ছাড়াই তাঁর পোশাক এবং অন্যান্য জিনিস ব্যবহার করতেন সুরজ। এমনকী তাঁকে জিজ্ঞেস না করেই পোশাক ভর্তি ব্যাগ নিয়েছিলেন সুরজ এবং তা ফেরত দেওয়াও হয়নি।
সুরজের বাবার অভিযোগ, সামান্য ঘটনা নিয়ে বিবাদের জেরে তাঁর ছেলেকে মারধর করেন সুবোধ। পরে রাস্তা থেকে পাথর তুলে তা দিয়েই সুরজের মুখে মারেন তিনি।
পুলিশ জানিয়েছে, ওই মারধরের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় সুরজের। এর পরেই সেখান থেকে পালিয়ে যান তিনি। অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি অভিযান চলছে বলেও শুক্রবার জানিয়েছে গোরেগাঁও থানার (Goregaon Police) পুলিশ।