• ঝাড়গ্রামেও এবার টাইগার সাফারি! বদলের বাংলায় পর্যটনে জোয়ার
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • জঙ্গলমহল ঝাড়গ্রামে টাইগার সাফারিকে কেন্দ্র করে তৈরি হবে বিপুল পর্যটনের সম্ভাবনা। প্রকল্পটি চালু হলে দ্বিগুণ সংখ্যায় পর্যটকদের আনাগোনা শুরু হবে। এদিন রাজ্য বনদপ্তরের মন্ত্রী মনোজ ওড়াও পরিদর্শনে এসে এমনটাই জানালেন। আগামী দেড় দু’বছরের মধ্যেই টাইগার সাফারি প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান বনমন্ত্রী। এর পাশাপাশি বন দপ্তরের জমি বেআইনিভাবে দখল করলে সরাসরি ব্যবস্থা নেবে দপ্তর বলেও জানান তিনি।

    বুধবার প্রথমে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক পরিদর্শন করেন মন্ত্রী। পরে টাইগার সাফারি গড়ে তোলার জঙ্গলটিও পরিদর্শন করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী বলেন, “ঝাড়গ্রামে টাইগার সাফারির জন্য রাজ্যের প্রথম বাজেটেই ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই টেন্ডারও হয়ে যাবে। আপাতত ৬৫ একর জায়গার মধ্যে টাইগার সাফারি করা হবে। এই সাফারি চালু হলে এখানে অর্থনৈতিকের আমূল একটা পরিবর্তন হবে।”

    পরে বনদপ্তরের জমি দখল প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যদি কেউ বেআইনিভাবে বনদপ্তরের জমি দখল করে থাকেন, সেক্ষেত্রে অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, বনমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, প্রণত টুডু, ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম প্রমুখ। উল্লেখ্য, টাইগার সাফারির জন্য ২২৬.৩৭ একর জমি বনদপ্তরকে হস্তান্তর করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। পরে জামবনি নার্সারি পরিদর্শন করেন বনমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)