• গণেশ পুজোতেও ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের খাঁড়া! উত্তরেও জারি বৃষ্টি
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • গোটা মাসজুড়ে কম-বেশি বৃষ্টি চলছেই। কখনও রোদ ঝলমলে আকাশে ঘন কালো মেঘ ঘনিয়ে ঝমঝমিয়ে নামছে বারিধারা। গোটা আগস্ট জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস বলছে, এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। পুজোর আগে ফের বঙ্গোপসাগরে সক্রিয় হতে চলেছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা খুব বেশি।

    একদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমের জেলা পুরুলিয়ার পর দীঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের ৫ জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎস-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস হইতে পারে। শুক্রবারেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। তবে কলকাতায় সপ্তাহান্তে কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার অর্থাৎ গণেশ পুজোর দিন ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতায়।

    শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলার দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
  • Link to this news (প্রতিদিন)