পুজোর কেনাকাটা, বাড়ি ফেরা, ঘুরতে যাওয়ার প্রস্তুতি, সপ্তাহান্তে যাঁরা হাওড়া-খড়্গপুর শাখায় ( Howrah-Kharagpur section) ট্রেনের টিকিট কেটে রেখেছেন, তাঁদের যাত্রা পরিকল্পনায় আচমকাই বড় বদল। বালিচকে নির্মীয়মাণ রোড ওভারব্রিজে স্টিলের গার্ডার বসানো হবে। সেই কারণে ১৯ ও ২০ সেপ্টেম্বর হাওড়া-খড়গপুর শাখায় ( Howrah-Kharagpur section) বাতিল হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন এবং ইএমইউ লোকাল। ঘুর পথে চলবে তিনটি দূরপাল্লার ট্রেন।
দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বালিচকের লেভেল ক্রসিং গেট নম্বর ৫২-এর উপরে রোড ওভারব্রিজ তৈরির কাজ চলছে। তারই গুরুত্বপূর্ণ পর্যায়ে গার্ডার বসানোর জন্য দু’দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। অর্থাৎ, পুজোর আগে ভিড় বাড়তে শুরু করার সময়েই সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর বাতিল থাকবে ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস, ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এবং ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। ওই দিন ২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রেস এবং ৩৮৭২৫ হাওড়া-খড়গপুর ইএমইউ লোকালও চলবে না। ২০ সেপ্টেম্বর বাতিল ২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস। বন্ধ থাকবে ৩৮৮০১/৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর, ৩৮৭০২/৩৮৭০৪ খড়গপুর-হাওড়া, ৩৮৭০৫ হাওড়া-খড়গপুর, ৩৮৭০৬ খড়গপুর-হাওড়া এবং ৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকাল।
শুধু ট্রেন বাতিল নয়, বদলাচ্ছে কয়েকটি দূরপাল্লার ট্রেনের পথও। ১৮ সেপ্টেম্বরের ২২৫০২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এবং ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট, সাঁইথিয়া, আন্ডাল, আসানসোল, বার্নপুর, আদ্রা, মেদিনীপুর ও হিজলি হয়ে যাবে। ১৯ সেপ্টেম্বরের ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস হিজলি, মেদিনীপুর, আদ্রা ও আসানসোল হয়ে হাওড়ার ( Howrah-Kharagpur section) দিকে চলবে।
ফলে পুজোর আগে সপ্তাহান্তে যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে বিকল্প যাত্রাপথ ভাবতে হবে। বিশেষ করে হাওড়া, মেদিনীপুর ও খড়গপুরমুখী যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। যাত্রীদের প্রতি দক্ষিণ পূর্ব রেলের পরামর্শ, যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান জেনে তবেই স্টেশনের ( Howrah-Kharagpur section) পথে বের হন।