মমতাকে শ্রীরামপুরে সভার অনুমতি, তবে সময় ও লোকসংখ্যা বেঁধে দিল হাইকোর্ট
আজ তক | ১০ সেপ্টেম্বর ২০২৬
হুগলিতে সভা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সভার অনুমতি দিলেও মিছিলের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। সঙ্গে তাঁর কর্মসূচির জন্য নির্দিষ্ট সময় সহ একাধিক শর্তও বেঁধে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আগামী ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। উল্লেখ্য, ছাব্বিশের পরাজয়ের পর এই প্রথম জেলা সফরে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে সভার আগে মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত একটি মিছিলও করতে চেয়েছিল মমতাপন্থী তৃণমূল। পুলিশের কাছে প্রথমে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় তা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। তবে কিন্তু সে অনুমতি মিলল রাজ্যের সর্বোচ্চ আদালতের থেকে।
পুলিশের কাছে মিছিল অনুমতি চাইতে গিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তবে পুলিশ জানায়, ওই মিছিলের ফলে জিটি রোডে যানজটের সৃষ্টি হতে পারে। সে কারণেই মিছিল করতে দেওয়া যাবে না। পুলিশের সেই কথাতেই সায় দিল কলকাতা হাইকোর্টও।
সভা করার অনুমতি দেওয়া হলেও একাধিক শর্ত চাপিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন,
মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুপুর ১টা থেকে ৩টের মধ্যে সেই সভা শেষ করতে হবে। ২ হাজারের বেশি জমায়েত করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি।
একইসঙ্গে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না ওই সভা থেকে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে সভাস্থলে না ঘটে, তা-ও নিশ্চিত করতে হবে। রাজ্যকে এ কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি। কারা কারা ওই সভায় মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন, সেই নাম ও ফোন নম্বরের তালিকা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে পুলিশের কাছে জমা দিতেও বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।