• আসানসোলে Zomato কর্মীদের ধর্মঘট, পারিশ্রমিক বাড়ানো-সহ একাধিক দাবিতে সরব
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক অনলাইন খাবার ডেলিভারি সংস্থা Zomato কর্মীদের। এর জেরে আসানসোলের স্তব্ধ অনলাইন খাবার ডেলিভারি পরিষেবা। বিভিন্ন দাবি নিয়ে Zomato কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন।

    সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার বিকেল চারটে থেকে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন। তাঁদের দাবি, সংস্থার পক্ষ থেকে তাঁদের সঠিক সময়ে এবং যথাযথ ভাবে তাঁদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। পাশাপাশি আন্দোলনকারীরা আরও জানিয়েছেন এই কর্মবিরতি ততদিন চলবে, যতদিন না পর্যন্ত তাঁদের দাবিগুলি মেনে নেওয়া হচ্ছে।

    কী কী দাবি রয়েছে?

    আসানসোলের বিএন আর মোড়ের কাছে ধর্মঘটে বসেছেন তাঁরা। Zomato-র ব্যাগ রাস্তায় নামিয়ে রেখে প্রতিবাদ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, কোম্পানির তরফে প্রতি কিলোমিটারে পাঁচ টাকা করে পারিশ্রমিক দিতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তাও দিতে হবে কোম্পানিকে। এই আন্দোলনরত কর্মীদের একাংশ জানিয়েছেন, তাঁরা যে পরিমাণে পরিশ্রম করছেন, সেই পরিমাণে তাঁদের আয় হচ্ছে না বলেই তাঁদের অভিযোগ।

    পাশাপাশি আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন সংস্থার পক্ষ থেকে দু’জন বাউন্সারকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। এর জেরে ডেলিভারি কর্মীদের ক্ষোভ আরও বেড়ে যায়। তাঁদের একাংশের অভিযোগ, পেমেন্ট সংক্রান্ত দাবি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে তাঁরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করছিলেন। কিন্তু এতে বাউন্সার পাঠিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

    তবে এই গিগ কর্মীদের ধর্মঘটের ফলে Zomato-র সংশ্লিষ্ট শাখার এক আধিকারিক সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি কর্মীদের সব দাবি শোনেন। কিন্তু আন্দোলনরত কর্মীদের অভিযোগ, প্রথমে তিনি প্রত্যেকটি দাবিই খারিজ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, আন্দোলনরত Zomato কর্মীদের সঙ্গে ওই আধিকারিকের বেশ কিছুক্ষণ বচসাও চলে।

    কিন্তু কর্মীরা জানান, ঘটনাস্থলে সংবাদমাধ্যম উপস্থিত হলে সুর পাল্টে যায় ওই Zomato আধিকারিকের। তিনি আন্দোলনরত কর্মীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এ বিষয়ে আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, এর আগেও তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আধিকারিকরা। কিন্তু পরে তা কিছুই মেনে নেওয়া হয়নি। তাই এ বার যতক্ষণ না পর্যন্ত তাঁদের সব দাবি না মানা হবে তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।

    উল্লেখ্য, ডেলিভারি কর্মী বা গিগ ওয়ার্কাররা এর আগেও কর্মক্ষেত্রে নিজেদের সুরক্ষা, পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে ধর্মঘট করেছিলেন। কলকাতাতেও এ নিয়ে এর আগে কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা। তবে এ বার আসানসোলে এই গিগ কর্মীদের স্ট্রাইকে তাঁদের দাবিগুলি কতটা মেনে নেওয়া হয়, সেটাই দেখার।

    FAQ

    আসানসোলে Zomato কর্মীরা কেন ধর্মঘটে বসেছেন?

    পারিশ্রমিক বৃদ্ধি, প্রতি কিলোমিটারে ৫ টাকা মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে জোমাটো ডেলিভারি কর্মীরা ধর্মঘট শুরু করেছেন।

    কবে থেকে Zomato কর্মীদের কর্মবিরতি শুরু হয়েছে?

    বুধবার বিকেল ৪টে থেকে আসানসোলে কর্মবিরতি শুরু করেছেন গিগ কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তাঁরা।

    কোথায় আন্দোলনে বসেছেন Zomato কর্মীরা?

    আসানসোলের বিএনআর মোড়ের কাছে Zomato কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ করছেন। তাঁরা রাস্তায় Zomato-র ডেলিভারি ব্যাগ রেখে আন্দোলন শুরু করেন।

    আন্দোলনরত কর্মীদের প্রধান দাবি কী?

    প্রতি কিলোমিটারে ৫ টাকা করে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। পরিশ্রম অনুযায়ী আয় হচ্ছে না বলেও অভিযোগ করেছেন কর্মীদের একাংশ।

    Zomato কি কর্মীদের দাবি মেনে নিয়েছে?

    আন্দোলনকারীদের দাবি, Zomato-র এক আধিকারিক প্রথমে তাঁদের দাবিগুলি খারিজ করেছিলেন। পরে সংবাদমাধ্যমের উপস্থিতিতে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে আগেও এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ কর্মীদের।

  • Link to this news (এই সময়)