• SFI সমর্থকদের উপর 'হামলা' ABVP-র ! উত্তাল শিলিগুড়ি কলেজে নামল আধাসেনা
    eTV Bharat | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর: এসএফআই সদস্যদের উপর আচমকা হামলা ও মারধরের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়াল শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসে ৷ বুধবার বহিরাগতদের সঙ্গে নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ, এবিভিপি-র একদল সমর্থক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠনটি ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷

    এসএফআই সদস্যদের অভিযোগ, বুধবার দুপুর নাগাদ পুলিশ কর্মী এবং কলেজের একাধিক অধ্যাপকের সামনেই তাঁদের উপর হামলা চালানো হয় ৷ আক্রান্ত ছাত্রী তথা এসএফআই-এর শিলিগুড়ি কলেজ ইউনিটের সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য অভিযোগ করেন, "আমরা এসএফআই করি ৷ সেই কারণেই বহিরাগতদের সঙ্গে নিয়ে আচমকা কলেজে ঢুকে আমাদের উপর চড়াও হয় ওরা ৷ সেই সময় প্রিন্সিপাল স্যার এবং প্রফেসরদের কাছে বারবার সাহায্য চাওয়া হলেও, তাঁরা কেউ হামলা থামাতে বা বাঁচাতে এগিয়ে আসেননি ৷"

    ঘটনার পর একাধিক ভিডিয়োতে দেখা যায়, কলেজ চত্বরে দাঁড়িয়ে একদল যুবক এসএফআই এবং মাওবাদীদের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে ৷ কয়েকদিন আগেই পর্যটনমন্ত্রী তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি শঙ্কর ঘোষ ঘোষণা করেছিলেন, কলেজ চত্বরে কোনওরকম রাজনৈতিক স্লোগান দেওয়া চলবে না ৷ কিন্তু, এদিন প্রকাশ্যেই মন্ত্রীর সেই নির্দেশ অমান্য করে বহিরাগতদের নিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল এবিভিপি-র বিরুদ্ধে ৷

    যদিও মারধর ও হামলার সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এবিভিপি নেতৃত্ব ৷ কলেজ চত্বরে স্লোগান তোলা প্রসঙ্গে তাঁদের সাফাই, এতে তাঁদের সংগঠনের কোনও ভূমিকা নেই ৷ যা করার সাধারণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে করেছে ৷ আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি রয়েছে কলেজ চত্বরে ৷

    এসএফআই-এর শিলিগুড়ি কলেজ ইউনিটের সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য বলেন, "এসএফআই যাঁরা করছেন, তাঁদের খুঁজে খুঁজে মারছে এবিভিপি-র সদস্যরা ৷ আজকেও আমাদের ইউনিট কনভেনারকে দেখা মাত্রই হামলা চালায় ৷ আমরা বাধা দিতে এলে, আমাদের উপরেও হামলা চালায় ৷ কলেজকে অশান্ত করছে এবিভিপি ৷"

    এসএফআই-এর জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, "আমি খবর পাই যে আমাদের কলেজ ইউনিটের সদস্যদের উপর হামলা চালিয়েছে এবিভিপি ৷ আমি পরিস্থিতি দেখতে গেলে কলেজের গেটের বাইরে এবিভিপি-র বহিরাগতরা চাকু, লাঠি দিয়ে আমার উপর আক্রমণ করে ৷ এভাবে এসএফআই-কে দমানো যাবে না ৷"

    এবিভিপি-র জেলা সম্পাদক অঙ্কিত দে সরকার বলেন, "এসএফআই-এর সদস্যরা কলেজে বহিরাগতদের ঢোকায় ও সাধারণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে ৷ দেশ বিরোধী স্লোগান দেয় ৷ আমরা ও কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা এর প্রতিবাদ করেছে ৷ আগামীতেও করবে ৷"
  • Link to this news (eTV Bharat)