• পুজোর আগে অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখতে একাধিক জায়গায় পরিদর্শনে দমকল বাহিনী
    eTV Bharat | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা, 10 সেপ্টেম্বর: মাস ঘুরলেই বাঙালির প্রাণের প্রিয় উৎসব দুর্গাপুজো । তার প্রস্তুতি নিতে শুরু করেছেন মানুষজন । যত দিন যাবে ভিড় বাড়বে কেনাকাটার । আর এই উৎসবের মরশুমে যাতে কোনও অগ্নিকাণ্ডের জেরে বিপদ না ঘনায় সেই দিকেই নজর দিচ্ছে দমকল । সেই কারণে বুধবার শহরের বড় বড় শপিং মলে পরিদর্শন শুরু করল দমকল । খতিয়ে দেখল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ।

    অগ্নিনির্বাপণ ব্যবস্থার যথাসময়ে ব্যবহার শপিংমলের কর্মীরা জানেন কিনা সেটাও খতিয়ে দেখে । কলকাতার তিন জায়গায় শপিংমল খতিয়ে দেখে দমকল বাহিনী । পুজোর আগে এমন বড় শপিংমলগুলির প্রায় 29টিতে পরিদর্শন করবে দমকল বাহিনী ।

    দমকলের আধিকারিকরা এদিন শপিং মলে গিয়ে কর্মী ও ফ্লোর ম্যানেজারদের সঙ্গে কথা বলেন । এরপর তাঁরা যান বেসমেন্টে । সেখানে ফায়ার ফাইটিং সিস্টেম কন্ট্রোলরুম ঘুরে দেখেন । মোটর ঠিক আছে কিনা, কন্ট্রোল রুমে অ্যানাউন্সমেন্ট সিস্টেম যথাযথ কাজ করছে কিনা এসব পরীক্ষা করে দেখেন যাতে কোনও সমস্যা হলে অ্যানাউন্স করে উপস্থিত ক্রেতাদের বেরিয়ে যাওয়ার জন্য সতর্ক করা যেতে পারে । এরপর তাঁরা হোসপাইপ থেকে শুরু করে জলের চাপ ঠিক আছে কিনা পরীক্ষা করেন । শুধু তাই নয়, আগুন লাগলে অগ্নিনির্বাপণ যন্ত্র কীভাবে ব্যবহার করছেন কর্মীরা সেগুলো দেখেন ৷

    পরিদর্শন শেষে দমকল আধিকারিক নিহার রায় বলেন, "আমাদের পরিদর্শন চলতেই থাকে । তবে এইটা দুর্গাপুজো সামনে বলে বিশেষ পরিদর্শন । যেখানে যেখানে মানুষের ভিড় হবে সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেমন খতিয়ে দেখছি আমরা । সেখানকার কর্মীরা প্রশিক্ষণ পেয়েছেন কিনা দেখছি । এখানে সব কাঠামো মোটের উপর ঠিক আছে । ম্যানেজারকে বলা হয়েছে যাতে এসি বিকল্প রাখা হয় ।"

    প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার হিমাদ্রি শেখর চট্টোপাধ্যায় বলেন, "আমাদের ছেলেরা প্রশিক্ষিত । প্রতিটি যন্ত্র চালাতে পারেন । আমরা সব নিয়মিত রক্ষণাবেক্ষণ করি । আমরা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ । আমাদের দমকল বিভাগের কর্মীরা যা যা বলেছেন সেই দিকে আরও বেশি নজর দেব । দমকলের নিয়ম মেনে যা করণীয় সেই সবটাই আমরা করছি । অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখার জন্য আমাদের আলাদা কর্মীও আছে । আমাদের নিজেদের মধ্যে প্রতি মাসে মক ড্রিল করে থাকি ।"
  • Link to this news (eTV Bharat)