• ‘সাঁওতালদের সঙ্গে মিটিংয়ে বসতে নেই’, BDO-র বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ
    eTV Bharat | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • খণ্ডঘোষ, 9 সেপ্টেম্বর: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জাতি তুলে অপমানের অভিযোগ প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে ৷ তার বিরুদ্ধে এবার পথে নামল আদিবাসী সংগঠন। বুধবার কাঁটাপুকুর এলাকায় বর্ধমান–বাঁকুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পরগনা মহল। প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। সংগঠনের অভিযোগ, জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনার সময় খণ্ডঘোষের BDO-র দফতরেই সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিদের অপমানজনক মন্তব্য করা হয়েছে ৷

    আন্দোলনকারীদের দাবি, খণ্ডঘোষের কাঁটাপুকুর এলাকায় একটা জায়গা দীর্ঘ 35 বছরের বেশি সময় আদিবাসী সমাজ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, দিবস পালন, মহাপুরুষদের স্মরণ এবং উপাসনার কাজে ব্যবহার করে আসছে। স্কুলের সামনের ওই জায়গাটি দীর্ঘদিন ধরে পড়ুয়াদের খেলার মাঠ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে বলে দাবি সংগঠনের। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, জায়গাটির ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব বিবেচনা করে সেটি সংরক্ষণের জন্য প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছিল। প্রয়োজনে সংশ্লিষ্ট আইন ও সাংবিধানিক অধিকার খতিয়ে দেখে বিষয়টির সমাধান করার আবেদনও জানানো হয়। কিন্তু 2026 সালে বিষয়টি নিয়ে BDO-র সঙ্গে আলোচনা হলেও তাঁদের দাবি মানা হয়নি বলে অভিযোগ।

    গত 7 সেপ্টেম্বর বিডিও-র পক্ষ থেকে ফের আলোচনার জন্য ডাকা হয় বলে দাবি সংগঠনের। পুলিশের মাধ্যমে খবর পেয়ে সংগঠনের কয়েকজন BDO দফতরে যান। সেখানে একটি রেজোলিউশন খাতা সামনে রেখে তাঁদের সই করতে বলা হয় বলে অভিযোগ। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে—এই অবস্থান জানিয়ে তাঁরা সই করতে অস্বীকার করেন।

    অভিযোগ, সেই সময়ই BDO তাঁদের বলেন, "এই জন্যই সাঁওতালদের সঙ্গে মিটিংয়ে বসতে নেই।" সংগঠনের দাবি, উপস্থিত প্রতিনিধিরা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ—এ কথা জানার পরই এমন মন্তব্য করা হয়েছে। এই বক্তব্যকে শুধু কয়েকজনের নয়, গোটা আদিবাসী সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক হিসেবে দেখছে সংগঠন। ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্য বিকাশ মণ্ডল বলেন, "একজন BDO প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিক এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাঁর কাছ থেকেই যদি কোনও সম্প্রদায়কে লক্ষ্য করে এমন মন্তব্য আসে, তাহলে সাধারণ মানুষ আইনের কাছে কীভাবে ন্যায়বিচারের আশা করবে ?"

    এদিনের আন্দোলনে আদিবাসীদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তির দাবিও ওঠে। সংগঠনের বক্তব্য, কেউ অপরাধ করলে আইন অনুযায়ী শাস্তি হতেই হবে। কিন্তু নির্দোষ মানুষকে হয়রান করার জন্য মিথ্যা মামলা করা হলে তার বিরুদ্ধেও তারা আন্দোলন চালিয়ে যাবে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল আদিবাসী পরিবারগুলির বিরুদ্ধে মামলা হলে তাদের পক্ষে দীর্ঘদিন আদালতে লড়াই চালানো কঠিন হয়ে পড়ে বলেও দাবি সংগঠনের।

    পাশাপাশি, সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী মদন রাঠোরের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও তোলা হয়েছে। অন্য সম্প্রদায়ের মানুষকে তাঁরা কখনও পশুর সঙ্গে তুলনা করেন না—দাবি করে সংগঠনের প্রশ্ন, তাহলে তাঁদের সম্প্রদায়কে কেন এমনভাবে অপমান করা হবে ?

    এই সমস্ত অভিযোগের প্রতিবাদেই বুধবারের পথ অবরোধ বলে জানিয়েছে ভারত জাকাত মাঝি পরগনা মহল। সংগঠনের সদস্য বিকাশ মণ্ডল জানিয়েছেন, খণ্ডঘোষ থানায় BDO-র বিরুদ্ধে লিখিত অভিযোগ, এমনকি FIR করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, সংবিধান প্রদত্ত অধিকার মেনেই আন্দোলন ও আইনি পথে তাঁরা বিষয়টির মোকাবিলা করবেন। BDO-র বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
  • Link to this news (eTV Bharat)