• অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, আজই গ্রেপ্তার?
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনির জমি দখলের মামলায় আগাম জামিন চেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর আবেদন খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সুমিতের আবেদন খারিজ করেছে।

    এর আগে সুমিতের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে নির্দেশ দিয়েছিল, তদন্তকারীদের সামনে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে। তার আগে গত ৩ অগস্ট কলকাতা হাইকোর্ট সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুমিত রায়।

    এ দিন আগাম জামিনের মামলার শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুযার মেহতা আদালতে জানান, অভিযুক্ত সুমিত তদন্তে সহযোগিতা করছেন না। তা ছাড়া, মামলার তদন্তে যে ১৫ কোটি টাকার লেনদনের কথা উঠে এসেছে, সেই লেনদেনের সঙ্গে অভিযুক্তের যোগ রয়েছে। মেহতার অভিযোগ, শালবনিতে সরকারি জমি বিভিন্ন ব্যক্তির নামে মিউটেশন করিয়ে বেআইনি ভাবে বিক্রি করায় সুমিতের ভূমিকা রয়েছে। জমির দালালরা সুমিতের নাম বলেছেন। একদিনে নিজের অ্যাকাউন্টে ৭১ লক্ষ টাকা জমা দিয়েছেন সুমিত৷ বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভাবে প্রায় ১৫ কোটি টাকা ব্যাঙ্কে জমা করেছেন তিনি। টাকা জমা দেওয়ার ব্যাঙ্ক স্লিপও তদন্তকারীদের কাছে রয়েছে বলে সওয়াল করেন এসজি।

    সুমিত রায়ের হয়ে এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি জানান, তাঁর মক্কেলকে ইতিমধ্যেই ৮৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমন কোনও সাক্ষীকে পাওয়া যায়নি, যিনি ওই লেনদেন নিয়ে সুমিত রায়ের বিপক্ষে কিছু বলেছেন। সুমিতের নাম এফআইআরেও নেই বলে দাবি করেন আইনজীবী। একই সঙ্গে তিনি জানান, সুমিতের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে টাকার লেনদেন হয়েছে, এমন কোনও তথ্যপ্রমাণও নেই।

    দু'পক্ষের বক্তব্য শোনার পরে সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে তাঁকে গ্রেপ্তার করে জেরা করতে তদন্তকারীদের আর অসুবিধা থাকল না বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

    সূত্রের খবর, ইতিমধ্যেই সুমিত রায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে সিআইডি এবং স্পেশাল টাস্ক ফোর্স।

  • Link to this news (এই সময়)