• একের পর এক বিড়ালের রহস্যমৃত্যু, মিলল ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্যকর ঘটনায় দায়ের FIR
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • মুম্বইয়ের চেম্বুরে একের পর এক বিড়ালের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পানজরাপোল (Panjrapole) এলাকায় ২০টি বিড়ালের মৃতদেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকটির দেহ ছিল ক্ষতবিক্ষত অবস্থায়। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। অভিযুক্তদের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে পশু অধিকার সংগঠন PETA India।

    স্থানীয় অ্যানিমাল কেয়ারগিভার রুবিনা পাঠান প্রথম বিষয়টি নজরে আনেন। তাঁর দাবি, গত অগস্টে পানজরাপোল এলাকায় একাধিক বিড়ালের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান তিনি। এর পরে গত ৪ সেপ্টেম্বর একই এলাকায় আরও ছ’টি মৃত বিড়ালের দেহ উদ্ধার হয়। পরের দিন, ৫ সেপ্টেম্বর, আরও একটি মৃত বিড়াল এবং গুরুতর অসুস্থ অবস্থায় একটি বিড়ালছানাকে পাওয়া যায়।

    ঘটনার পরে রুবিনা পুলিশের দ্বারস্থ হন। PETA India-ও তাঁকে পুলিশের কাছে অভিযোগ জানাতে সাহায্য করে। ৯ সেপ্টেম্বর অভিযোগ দায়ের হওয়ার পর ওই দিনই চেম্বুরের RCF থানায় FIR নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ ধারা এবং Prevention of Cruelty to Animals Act-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

    আইন অনুযায়ী, BNS-এর ৩২৫ ধারা কোনও প্রাণীকে হত্যা, বিষপ্রয়োগ, অঙ্গহানি বা অকেজো করে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত। এই ধারায় পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা দু’টিই হতে পারে।

    বিড়ালগুলির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকটির ক্ষেত্রে ক্ষত এতই বীভৎস যে অঙ্গপ্রত্যঙ্গ শরীরের বাইরে বেরিয়ে এসেছে বলে জানিয়েছে PETA India। তবে ঠিক কী ভাবে তাদের মৃত্যু হয়েছে এবং এক বা একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।

    ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের বাসিন্দা এবং স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে চিহ্নিত বা গ্রেপ্তার করার কথা জানানো হয়নি।

    ঘটনার তদন্তে সাহায্য করতে PETA India সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে। যাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার এবং দোষী সাব্যস্ত করা সম্ভব হবে, তাঁকে এই পুরস্কার দেওয়া হবে বলে সংগঠনটি জানিয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানানো হয়েছে।

    একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে এতগুলি বিড়ালের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় পশুপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত কি না, নাকি আলাদা কোনও কারণে বিড়ালগুলির মৃত্যু হয়েছে—সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)