হাওড়া-খড়গপুর শাখায় বাতিল একাধিক ট্রেন, 2 দিন ধরে চলবে রক্ষণাবেক্ষণ-উড়ালপুলের কাজ
eTV Bharat | ১০ সেপ্টেম্বর ২০২৬
হাওড়া, 10 সেপ্টেম্বর: পুজোর মরসুমের মুখে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেনযাত্রীদের যাত্রা পরিকল্পনায় বড় পরিবর্তন আনছে দক্ষিণ-পূর্ব রেল। বালিচকে নির্মীয়মাণ রোড ওভারব্রিজে স্টিলের গার্ডার বসানোর কাজের জন্য 19 ও 20 সেপ্টেম্বর একাধিক দূরপাল্লার এক্সপ্রেস এবং ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনটি দূরপাল্লার ট্রেনকে নির্ধারিত পথের বদলে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বালিচক এলাকায় লেভেল ক্রসিং গেট নম্বর 52-এর উপরে রোড ওভারব্রিজ তৈরির কাজ চলছে। সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ পর্যায়ে স্টিলের গার্ডার বসানো হবে। কাজের সময় রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতেই দু’দিনের জন্য ট্রেন চলাচলে এই নিয়ন্ত্রণ।
19 সেপ্টেম্বর বাতিল থাকবে 12837 ও 12838 হাওড়া-পুরি-হাওড়া এক্সপ্রেস, 18005 ও 18006 হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, 18615 ও 18616 হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, 18011 ও 18012 হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস এবং 18013 ও 18014 হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। ওই দিন 22890 পুরি-দিঘা এক্সপ্রেস এবং 38725 হাওড়া-খড়গপুর ইএমইউ লোকালও চলবে না।
20 সেপ্টেম্বর 22889 দিঘা-পুরি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই দিন বন্ধ থাকবে 38801 ও 38803 হাওড়া-মেদিনীপুর, 38702 ও 38704 খড়গপুর-হাওড়া, 38705 হাওড়া-খড়গপুর, 38706 খড়গপুর-হাওড়া এবং 38802 মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকালের পরিষেবা।
পরিবর্তন এসেছে দূরপাল্লার তিনটি ট্রেনের পথেও। 18 সেপ্টেম্বর যাত্রা শুরু করা 22502 নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং 22504 ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট, সাঁইথিয়া, আন্ডাল, আসানসোল, বার্নপুর, আদ্রা, মেদিনীপুর ও হিজলি হয়ে চলবে। 19 সেপ্টেম্বরের 15643 পুরি-কামাখ্যা এক্সপ্রেস হিজলি, মেদিনীপুর, আদ্রা ও আসানসোল হয়ে হাওড়ার দিকে যাবে।
দক্ষিণ-পূর্ব রেলের এই সিদ্ধান্তে সপ্তাহ শেষে হাওড়া, মেদিনীপুর ও খড়গপুরমুখী যাত্রীদের বিকল্প যাত্রার ব্যবস্থা করতে হতে পারে। পুজোর আগে পর্যটন ও যাত্রীচাপ বাড়ার সময়ে এই দু’দিনের পরিষেবা নিয়ন্ত্রণে ভোগান্তির আশঙ্কাও থাকছে। তাই যাত্রার আগে ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।