• ‘সাহায্য করুন’, বিজেপির কাছে আর্জি প্যারা-অ্যাথলিটের
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্যারা এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বর্তমানে খুবই কষ্টে দিন কাটছে পশ্চিমবঙ্গের নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সোমনাথ মালোর। আর্থিক ও সামাজিক সমস্যার কথা জানাতে এবং সাহায্যের আবেদন করতে কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে বুধবার হাজির হয়েছিলেন সোমনাথ। তাঁর হাতে ছিল খেলার বিভিন্ন পদক, শংসাপত্র এবং পুরনো ছবি। এদিন তাঁকে ক্রাচের সাহায্যে চলাফেরা করতে দেখা যায়।

    আজকাল ডট ইন-কে সোমনাথ জানান, ক্রীড়াজীবনে তিনি দেশের হয়ে পদক জিতেছেন এবং বিভিন্ন স্তরে সম্মানও পেয়েছেন। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে প্যারা এশিয়ান গেমসে হাইজাম্পে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে পদকও জিতেছেন। কিন্তু ক্রীড়াক্ষেত্রে সাফল্য থাকা সত্ত্বেও তিনি স্থায়ী চাকরি কিংবা পর্যাপ্ত সরকারি সহায়তা পাননি বলে তাঁর অভিযোগ। বিজেপি নেতাদের কাছে নিজের পরিস্থিতির কথা জানিয়ে তিনি স্পোর্টস কোটায় চাকরি, পেনশন এবং পুনর্বাসনের মতো সহায়তার দাবি জানিয়েছেন।

    এদিন সোমনাথ বিজেপি দপ্তরে তাঁর সঙ্গে বেশ কয়েকটি পদক, শংসাপত্র এবং পুরনো ছবি নিয়ে পৌঁছন। ওই ছবিগুলিতে তাঁকে বিভিন্ন জাতীয় স্তরের নেতার সঙ্গে দেখা যায়। তাঁর দাবি, ক্রীড়াজীবনে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এবং স্বর্ণপদক-সহ একাধিক পদক জিতেছেন। সোমনাথের দাবি, ক্রীড়াক্ষেত্র তাঁর সাফল্যের জন্য তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করার এবং তাঁর কাছ থেকে সম্মান পাওয়ার সুযোগ হয়েছিল। বাজপেয়ীর সঙ্গে তোলা একটি ছবিও তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপালের কাছ থেকেও সম্মান পাওয়ার দাবি করেছেন তিনি।

    সোমনাথের অভিযোগ, বিভিন্ন সরকারের আমলে তিনি সরকারি চাকরি এবং স্পোর্টস কোটায় সুযোগ পাওয়ার জন্য আবেদন করেছেন। তাঁর দাবি, একাধিকবার তাঁকে আশ্বাস দেওয়া হলেও সেই আশ্বাস বাস্তবে কার্যকর হয়নি। তিনি জানান, তৎকালীন বামফ্রন্ট সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও নিজের দাবি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। তৎকালীন ক্রীড়ামন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করার দাবি করেছেন তিনি।সোমনাথের বক্তব্য, ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জন করেও বর্তমানে তাঁকে জীবনযাপন এবং চিকিৎসা সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

    বিজেপি দপ্তরে পৌঁছনোর সময় সোমনাথকে ক্রাচের সাহায্যে চলাফেরা করতে দেখা যায়। তিনি দলীয় নেতাদের সামনে নিজের ক্রীড়া রেকর্ড, পদক এবং শংসাপত্র তুলে ধরেন এবং তাঁর বর্তমান পরিস্থিতির কথা জানান। তাঁর আবেদন, ক্রীড়াক্ষেত্রে তাঁর সাফল্য এবং তাঁর প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনা করে তাঁকে কর্মসংস্থান, ক্রীড়া পেনশন অথবা পুনর্বাসনের জন্য উপযুক্ত সরকারি সহায়তা দেওয়া হোক। তাঁর দাবি, একসময় দেশের বিশিষ্ট নেতাদের কাছ থেকে সম্মান পাওয়ার পর তিনি আশা করেছিলেন যে তাঁর ক্রীড়া প্রতিভা এবং অবদান ভবিষ্যতেও স্বীকৃতি পাবে। কিন্তু তাঁর অভিযোগ, বছরের পর বছর পেরিয়ে গেলেও চাকরি ও আর্থিক সহায়তা সংক্রান্ত তাঁর দাবিগুলি পূরণ হয়নি।

    বিজেপি দপ্তরে উপস্থিত নেতারা সোমনাথের অভিযোগ শোনেন এবং তাঁর নথিপত্র দেখার পর তাঁকে সাহায্যের আশ্বাস দেন। তাঁর দাবিগুলি সংশ্লিষ্ট দপ্তর এবং সরকারের সামনে তুলে ধরার কথাও দলীয় সূত্রে জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)