• কঙ্কালীতলায় কৌশিকী অমাবস্যার মহা আয়োজন, দেবীকে ১১ পদ
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে বীরভূমের বিখ্যাত সতীতীর্থ কঙ্কালীতলা মন্দিরে পুণ্যার্থীদের ঢল। ভোরের আলো ফুটতেই কোপাই নদীর তীরবর্তী এই পবিত্র সতীপীঠে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ৫১ পিঠের অন্যতম এই ধামে আজ দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রয়েছে বিশেষ আয়োজনের ঢল।

    কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেবী কঙ্কালেশ্বরীকে আজ বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। মা-কে নিবেদন করা হচ্ছে ১১ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে প্রস্তুত বিশেষ ভোগ। সন্ধে নামলেই আয়োজন করা হয়েছে বিশেষ মহ আরতির, আর মধ্যরাত্রে অনুষ্ঠিত হবে মহাশোধিনী মহাযজ্ঞ। শাস্ত্রীয় ও তন্ত্র সাধনার নিয়ম মেনে গভীর রাতে কঙ্কালীতলা মহাশ্মশানে সমবেত হবেন সাধু-সন্ন্যাসীরা। শ্মশান চত্বরে গভীর রাতে চলবে তাঁদের বিশেষ তন্ত্রসাধনা ও মহাযজ্ঞ, যা দেখার জন্য বহু ভক্ত অপেক্ষা করে থাকেন।

    উৎসবকে ঘিরে গোটা কঙ্কালীতলা মন্দির চত্বর মনোরম লাইটিং ও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। রঙিন আলোর ঝলকানিতে ঝলমল করছে কোপাই নদীর ঘাট ও মূল মন্দির এলাকা। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ আজ কার্যত বিশাল মেলায় পরিণত হয়েছে। চণ্ডীপাঠ, ধূপ-ধুনোর গন্ধ এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা পরিবেশ।

    যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটি ও বোলপুর প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কোপাই নদীর ঘাটেও রাখা হয়েছে বাড়তি নজরদারি। দিন পেরিয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই সতীপীঠে ভক্তদের ভক্তি ও উদ্দীপনা আরও তুঙ্গে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)