আজকাল ওয়েবডেস্ক: দলীয় নাম ও প্রতীক নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকেই শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। আগামী শনিবার, ১২ সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ পৃথক পৃথক সময়ে দুই পক্ষের প্রতিনিধিদলকে ডাকা হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (যা পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরায় স্বীকৃত রাজনৈতিক দল) একই নাম ও প্রতীক ব্যবহারের দাবি জানিয়ে পৃথকভাবে কমিশনে আবেদন জানিয়েছিল। এর প্রেক্ষিতেই এই বৈঠকের ব্যবস্থা।
নির্বাচন কমিশন সচিবালয়ের তরফে সচিব অশ্বনী কুমার মোহাল স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, তৃণমূল নেত্রী মমতা বব্যানার্জি নেতৃত্বাধীন গোষ্ঠীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে বেলা ১২টায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন গোষ্ঠীর পাঁচ সদস্যের দলকে ডাকা হয়েছে সকাল ১১টায়। অর্থাৎ এক ঘন্টার ব্যবধানে। দু'টি চিঠিতেই প্রতিনিধিদলের সদস্যদের নাম ও গাড়ির বিবরণ আগাম ইমেলে জানানোর অনুরোধ করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই বৈঠকের দিনক্ষণ ঠিক হয়েছে এমন এক সময়ে, যখন নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের মনোনয়ন দাখিলের জন্য হাতে আর মাত্র চার দিন বাকি। নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৬ সেপ্টেম্বর। দুই শিবিরই একই নাম ও প্রতীক ব্যবহার করে নিজেদের প্রার্থী দাঁড় করাতে চাওয়ায়, কমিশনের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এই দুই কেন্দ্রের ভোট-চিত্র।