আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়ি জেলা স্কুলের সাম্প্রতিক ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা), জলপাইগুড়ির তরফে ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দফতর।
প্রেস নোটে জানানো হয়েছে, ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক এবং পড়ুয়া- উভয় পক্ষের ভূমিকার বিষয়টিকেই ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা দফতরও যথেষ্ট গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে।
বর্তমান শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধান শিক্ষককে ৯ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের ছুটি দেওয়া হয়েছে।
পাশাপাশি, কোনও পড়ুয়া বা সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত অভিযোগ বা সমস্যা থাকলে তা জানানোর জন্য নির্ধারিত ও গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণের উপর জোর দেওয়া হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক অথবা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরিবর্তে কোনও ধরনের তড়িঘড়ি বা উত্তেজনাপ্রসূত পদক্ষেপ না করার বার্তা দিয়েছে দফতর।
ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দফতরের মন্ত্রী দীপক বর্মন আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টায় জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শনে যাবেন। সেখানে তিনি স্থানীয় এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।