সংবাদদাতা, বনগাঁ: খাদ্যদপ্তরে কাজে এসে নানা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কোনো একটি কাজের জন্য দু’মাস বা তারও বেশি দিন ঘুরতে হচ্ছে। তবুও সমস্যা মিটছে না। এমন নানা সমস্যার কথা শুনে কার্যত মেজাজ হারালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেই সঙ্গে তিনি আধিকারিকদের ধমকও দিয়েছেন। কেন মানুষকে দু’মাস ধরে ঘুরতে হবে, এক আধিকারিকের কাছে জানতে চান মন্ত্রী। এরপর তাঁর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কোথায় পাঠিয়ে দেব, নিজেও টের পাবেন না।’
বুধবার এক অনুষ্ঠানে বনগাঁ বিডিও অফিসে যান খাদ্যমন্ত্রী। পাশেই খাদ্যদপ্তরের অফিস। তার সামনে সাধারণ মানুষের লম্বা লাইন দেখে এগিয়ে যান মন্ত্রী। মন্ত্রীকে কাছে পেয়েই ক্ষোভ উগরে দেন অনেকে। লাইনে দাঁড়িয়ে থাকা মহিলারা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, দিনের পর দিন অফিসে এসেও কাজ হচ্ছে না। সকাল ১১ টার আগে আধিকারিকরা অফিসেই আসছেন না। ২টো বাজলেই কাজ বন্ধ। বেশিরভাগ সময় লিংকের দোহাই দিয়ে কাজ করছেন না কর্মীরা। রেশন কার্ড নিয়েও মন্ত্রীকে একাধিক অভিযোগ জানান তাঁরা। নিজের দপ্তর নিয়ে মানুষের এত অসন্তোষের কথা শুনে মেজাজ হারান মন্ত্রী। এক মহিলা অভিযোগ করেন, রেশন কার্ড সম্পর্কিত কাজ করতে এলে তাঁর কার্ড ছুড়ে ফেলে দিয়েছেন এক আধিকারিক। এরপরই মন্ত্রী দপ্তরের ওই অফিসের সার্কেল ইনস্পেক্টরের (সিআই) খোঁজ করেন। তাঁকে মন্ত্রী বলেন, ‘আমি কেন অভিযোগ শুনবো? কোথায় পাঠিয়ে দেব, নিজেও টের পাবেন না।’ সবার সামনে দপ্তরের অন্য আধিকারিকদের ধমক দিয়ে মন্ত্রী বলেন, ‘১১টার সময় অফিস খুলছে। এটা কি মগের মুলুক?’ পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন, ‘এসব দীর্ঘদিনের সমস্যা। আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সমাধান হবে।’ এদিন বনগাঁ দলীয় কার্যালয়ে সেবা সংকল্প অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলনে একাধিক কর্মসূচির কথা জানান মন্ত্রী।