• জলহীন জ্যোতিনগরে মীনাক্ষী, কর্পোরেশন ঘেরাওয়ে বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় দেড় মাস কেটে গেল কাশীপুরের জ্যোতিনগর কলোনির বাসিন্দারা দিন কাটাচ্ছেন পানীয় জল ছাড়াই। জ্যোতিনগর কলোনির দুর্দশাগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছিল একাধিক বাম সংগঠন। বুধবার কলোনিতে যান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের সমস্যার কথা শোনেন। তারপর জানান, এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আপনারা কলকাতা কর্পোরেশন ঘেরাও করলে আমরাও থাকব। ২৮ জুলাই থেকে গঙ্গার পাড়ের এই কলোনিতে পানীয় জল পৌঁছচ্ছে না। কর্পোরেশন, আদালত, সর্বত্র গিয়েও এখানকার বাসিন্দারা কোনো সুরাহা পাননি। বাম সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন কলোনিতে পানীয় জলের ব্যবস্থা করে। তার আগে একটি কনভেনশনের আয়োজন করা হয়।

    মীনাক্ষীদেবী এদিন কলোনিতে গিয়ে বলেন, ‘কোনো অনুষ্ঠান করতে আসিনি। এলাকাজুড়ে আমাদের এক থাকতে হবে। পরিস্থিতি এভাবে চললে স্থানীয় মানুষকে দায়িত্ব নিতে হবে। বলছে, ২০২৩ সালের উচ্ছেদের নোটিস কার্যকর হবে। ওরা উঠে যেতে বলছে, কিন্তু কোথায় যাব সেটা বলে দিতে হবে। যাঁরা একতা ভাঙতে চায় তাঁদের চিহ্নিত করুন। যাঁরা এক করতে চাইছে, তাঁদেরকেও চিনে রাখুন। আপনারা যদি কর্পোরেশন ঘেরাও করতে চান আমরা সঙ্গে থাকব। কর্পোরেশনের ওখানেই তাঁবু কাটিয়ে থেকে যাব।’

    মীনাক্ষীকে সামনে পেয়ে এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁদের কেউ বলেন, এক কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে। বাড়িতে শিশু, বৃদ্ধ, মহিলারা প্রবল সমস্যায় রয়েছে। মীনাক্ষীদেবী বলেন, ‘যা আপনারা চাইবেন, সেটাই হবে। আপনারা চাইলে, আমরা আপনাদের মিছিলের পিছনে থাকব।’
  • Link to this news (বর্তমান)