বৃদ্ধকে বেহুঁশ করে গয়না নিয়ে চম্পট পরিচারিকা, গ্রেপ্তার
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলিতে বৃদ্ধকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে বেহুঁশ করার পর সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে পরিচারিকার বিরুদ্ধে। অভিযুক্ত পরিচারিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমশুভ্র সেনশর্মা (৭১) বাড়িতে কাজের লোকের জন্য বিজ্ঞাপন দেন। তা দেখে যোগাযোগ করে শুভশ্রী। আগস্ট মাসে কাজে যোগ দেয় সে। বালি থেকে প্রতিদিন যাতায়াত করত এই মহিলা। একসপ্তাহ কাজ করার পর ওই পরিচারিকা গৃহকর্তাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচৈতন্য করে দেয়। এরপর সোনার অলঙ্কার হাতিয়ে পালায়। সোমশুভ্রবাবু হুঁশ ফেরার পর দেখেন আলমারিতে থাকা গয়না উধাও। সঙ্গে সঙ্গে তিনি অভিযোগ জানান পাটুলি থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত মহিলা হাওড়ার নিশ্চিন্দার বাসিন্দা। সোমবার পুলিশ খবর পায়, সে বাড়িতে রয়েছে। এরপর সেখানে হানা দিয়ে তাকে ধরা হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া অলঙ্কার।