• বকেয়া ডিএ: দিল্লিতে মালহোত্রা কমিটির শনিবারের বৈঠক বাতিল
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে ১২ সেপ্টেম্বর শনিবার দিল্লিতে মালহোত্রা কমিটির বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। বৈঠকটি হওয়ার কথা ছিল ওইদিন বিকেল ৫টায় দিল্লিতে ‘ক্যাগ’ অফিসের কনফারেন্স হলে। এই মামলার সঙ্গে যুক্ত তিন কর্মী সংগঠনকে তা জানিয়ে মঙ্গলবার চিঠি দিয়েছিল রাজ্য অর্থদপ্তর। বুধবার ফের চিঠি দিয়ে জানানো হয়েছে, বিশেষ কারণে বৈঠকটি হচ্ছে না। এরপর কবে হবে তা পরে জানানো হবে। একই সময়ে ‘ব্রিকস’ সম্মেলন চলার জন্যই এই স্থগিত বলে মনে করা হচ্ছে।

    গতমাসে ডিএ মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এই মামলার সব পক্ষের সঙ্গে মালহোত্রা কমিটি বৈঠক করে একটি রিপোর্ট জমা দেবে। ডিএ মামলার পরবর্তী শুনানি ২৭ অক্টোবর। সুপ্রিম কোর্ট কয়েকমাস আগে মালহোত্রা কমিটি গঠন করে। মামলার অন্যতম পক্ষ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, বৈঠক স্থগিত হওয়ায় কমিটির রিপোর্ট পেশে বিলম্ব হতে পারে। 
  • Link to this news (বর্তমান)