• তৃণমূলের সমর্থনে কমলপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ১ ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। বুধবার তৃণমূলের ছয় সদস্যের সমর্থনে বিজেপির প্রধান নির্বাচিত হলেন দেবলা রায়। এদিন প্রধান নির্বাচনে পঞ্চায়েতের ২২ জন সদস্যের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে বিজেপির ছয় এবং তৃণমূলের ছয় সদস্য রয়েছেন। প্রধান নির্বাচনে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত, সম্পাদক কৌশিক চক্রবর্তী প্রমুখ। এদিন প্রধান নির্বাচনের পরে গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী, সমর্থকরা। গত পঞ্চায়েত নির্বাচনে কমলপুর গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১৬টি এবং বিজেপি পেয়েছিল ৬টি আসন। প্রধান নির্বাচিত হয়েছিলেন মধুমিতা মাইতি। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই প্রধান পঞ্চায়েত অফিসে আসা প্রায় বন্ধ করে দেন। ফলে একটি অচলাবস্থা তৈরি হয়। শেষে সপ্তাহ তিনেক আগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিজেপির ছয় সদস্য। অনাস্থা প্রস্তাবে তৃণমূলের ছয় সদস্যও সই করেন। ২৮ আগস্ট অনাস্থা প্রস্তাব পাশ হয়। এরপর বুধবার বিজেপির প্রধান নির্বাচিত হন। এই অনাস্থা প্রস্তাব নিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সম্পাদক কৌশিক চক্রবর্তী বলেন, প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। পাশপাশি পঞ্চায়েতে না আসায় সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিলেন না। তাই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল।
  • Link to this news (বর্তমান)