• বালিটিকুরিতে জমা জল সরাতে এবার দমকলের সাকশন মেশিন
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃষ্টি থেমে গেলেও জল যন্ত্রণা কাটেনি হাওড়া শহরের নীচু এলাকাগুলিতে। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার পায়ের পাতা ডোবা নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। পুরসভার পাম্প লাগাতার চললেও জল নামানো সম্ভব হয়নি। তাই এবার জমা জল সরাতে নামানো হল দমকলের সাকশন মেশিন। বুধবার ৫০ নম্বর ওয়ার্ডের ধাড়াপাড়া এলাকায় দমকলের ইঞ্জিন এনে শুরু হয় জল নিষ্কাশনের কাজ। পুরসভা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বালিটিকুরির ওই এলাকায় জল জমে রয়েছে। নিকাশি নালার জলও সাধারণ পাম্প ব্যবহার করে সরানো যাচ্ছিল না। পরিস্থিতি মোকাবিলায় দমকলের সাকশন মেশিন ব্যবহার করা হয়। মেশিনের সাহায্যে জমা জল টেনে দমকলের ট্যাঙ্কে ভরা হয়। পরে সেই জল ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে। দিনভর এই কাজে ব্যস্ত ছিলেন দমকলকর্মীরা। এদিন পরিস্থিতি সরেজমিনে দেখতে ধাড়াপাড়ায় যান শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর অভিযোগ, আগের সরকার নিকাশি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় কাজ করেনি। তাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জল বেরতে না পারায় এখন দমকলের সাহায্যে তা অন্যত্র সরাতে হচ্ছে। দমকল কর্মীদের কথায়, ‘আগুন নেভানোর পাশাপাশি বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দমকলের পরিষেবা কাজে লাগে।’
  • Link to this news (বর্তমান)